ইসরায়েলি পত্রিকা হারেতজের এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট সংকেত দিচ্ছেন যে তিনি এতে ‘অনাগ্রহী’। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ সোমবার গাজা ইস্যুতে একটি খসড়া প্রস্তাবে ভোট দিতে পারে, যা অনুমোদিত হলে ট্রাম্পের গাজা পরিকল্পনা এগিয়ে যেতে পারে।
হারেতজ বলছে, ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় বাধা’ হিসেবে দেখছে। তাদের মতে, নেতানিয়াহু ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার’ দিকে কোনো অগ্রগতি হতে দেবেন না।
গত সপ্তাহে হারেতজকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলি নেতারা রাফাহ সীমান্ত ক্রসিং খোলার ব্যাপারে একেবারেই অনড়। অথচ যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ হিসেবেই এ ক্রসিংটি পুনরায় খোলার কথা ছিল।
এ ছাড়া হামাসকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব গাজার হলুদ রেখা চিহ্নিত এলাকায় আটকে থাকা সশস্ত্র হামাস যোদ্ধাদের ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর গতকাল আবারও স্পষ্টভাবে জানিয়েছে যে ইসরায়েল কোনো ভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবে না। এক্সে দেওয়া এক পোস্টে কাটজ বলেন, ‘ইসরায়েলের নীতি স্পষ্ট- কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না।’ তিনি দাবি করেন, গাজাকে শেষ সুড়ঙ্গ পর্যন্ত নিরস্ত্রীকরণ করা হবে এবং হামাসকে গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে ইসরায়েলি সেনা এবং বাকি অংশে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ইসরায়েলি বাহিনী দিয়ে পুরোপুরি নিরস্ত্র করা হবে।
এই মন্তব্যগুলো আসল এমন সময়ে যখন চরম ডানপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোটরিচ নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন প্রকাশ্যে ঘোষণা দিতে যে ইসরায়েল কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবে না।
গাজায় থেমে নেই বিমান হামলা
এদিকে চলমান যুদ্ধবিরতিতে গাজায় চলছে পূর্ণাঙ্গ যুদ্ধপরিস্থিতি। বিমান ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ হচ্ছে প্রতিদিনই। গতকাল গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছে এবং রাফায় হেলিকপ্টার থেকে গুলি করার সংবাদ প্রকাশ হয়েছে। চুক্তিতে উল্লেখ করা মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠেছে।
এদিকে টানা বৃষ্টি ও শীতের মধ্য খোলা আকাশের নিচে শুকনা জায়গায় রাতযাপন গাজাবাসীর কাছে বিলাসী চিন্তা হয়ে দাঁড়িয়েছে। গতকাল পশ্চিম তীরেও ইসরায়েলে হামলায় একজন প্রাণ হারিয়েছে। সূত্র: আল-জাজিরা