ইতিহাস গড়ে পবিত্র কোরআন-এ হাত রেখে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি।
বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতের পরপরই ম্যানহাটনের পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে আয়োজিত এক ব্যতিক্রমী ও ব্যক্তিগত অনুষ্ঠানে পবিত্র কোরআনে হাত রেখে তিনি মেয়রের শপথ নেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মামদানিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় পাশে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি। স্থাপত্যশৈল্যের জন্য পরিচিত পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনেই অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক মুহূর্ত।
শপথ গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে মামদানি বলেন, 'এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্যের মুহূর্ত।'
তিনি জানান, এই ঐতিহাসিক স্থাপনাটি নিউইয়র্ক শহরের প্রাণশক্তি ও ভবিষ্যতের সঙ্গে গণপরিবহনের গুরুত্বের প্রতীক। একই অনুষ্ঠানে তিনি মাইক ফ্লিনকে নতুন পরিবহন কমিশনার হিসেবে ঘোষণা দেন।
মাত্র ৩৪ বছর বয়সে মেয়রের দায়িত্ব নিয়ে মামদানি হয়ে উঠলেন প্রজন্মের মধ্যে সবচেয়ে কম বয়সী নিউইয়র্ক মেয়র। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র।
উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান। সাত বছর বয়সে তিনি নিউইয়র্কে আসেন এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।
নির্বাচনী প্রচারণায় ‘জীবনযাত্রার ব্যয় কমানো’কে মূল ইস্যু বানানো এই ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী নেতা বিনামূল্যে শিশু যত্ন, ফ্রি বাস সার্ভিস, প্রায় ১০ লাখ ভাড়াটে পরিবারের জন্য ভাড়া স্থগিতকরণ এবং সিটি পরিচালিত মুদি দোকান চালুর প্রতিশ্রুতি দেন।
নতুন দায়িত্বে মামদানিকে বর্জ্য ব্যবস্থাপনা, তুষার অপসারণ, কীটনিয়ন্ত্রণসহ নগরজীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে— যার মধ্যে সাবওয়ে সেবা ও সড়ক সংস্কার নিয়ে জনঅসন্তোষও রয়েছে। সূত্র: আল-জাজিরা
মেহেদী/