যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যদিও তার পরিচয় বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজ্যের ক্লে কাউন্টির ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি স্থানে এ ঘটনা ঘটে। খবর দ্য নিউইয়র্ক পোস্টের।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ জানায়, মৃত্যুর ঘটনা ঘটেছে তিনটি ভিন্ন স্থানে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং তাকে নিয়ে আর কোনো হুমকি নেই।
শেরিফ স্কটের ফেসবুক পোস্টে নিহতদের সংখ্যা সরাসরি উল্লেখ করা হয়নি। তিনি ভুক্তভোগী এবং তাদের পরিবারকে প্রার্থনায় স্মরণ করার অনুরোধ করেন।
সুলতানা দিনা/