পাকিস্তানের করাচিতে এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীদের মতে, ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে লাগা এই আগুন লাগে। রবিবার সকালে তীব্র তাপে ভবনের বেশ কয়েকটি অংশ ধসে পড়ে।
এতে আহত হয়েছেন ১৫ জন। তাদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা হুমায়ুন খান জিও নিউজকে বলেন- গুল প্লাজা দুই একর জমির উপর নির্মিত। প্লাজার প্রান্তে এখনও আগুন জ্বলছে। ভবনটিকে সম্পূর্ণ জরাজীর্ণ ঘোষণা করা হয়েছে এবং সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটি (এসবিসিএ) কর্মকর্তারা অবস্থা মূল্যায়ন করবেন এবং এ বিষয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণা করবেন।
কমপ্লেক্সটিতে পোশাক, ক্রোকারিজ, সুগন্ধি, মেকআপ, ইলেকট্রনিক্স এবং খেলনা সহ বিভিন্ন ধরণের জিনিসপত্র বিক্রির দোকান ছিল।
সিন্ধু জরুরি পরিষেবা রেসকিউ ১১২২-এর প্রধান পরিচালন কর্মকর্তা ড. আবিদ জালালউদ্দিন শেখ বলেন, গুল প্লাজার তিন দিক থেকে ২০টি ফায়ার টেন্ডার এবং চারটি স্নোরকেল অগ্নিনির্বাপণে কাজ করছে।
দমকল বাহিনীর কর্মকর্তারা আশঙ্কা করছেন, এখনও বেশ কয়েকজন মলের ভিতরে আটকা পড়ে আছেন।
এই ঘটনায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন।
অমিয়/