ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কয়েক ডজন আরোহী নিয়ে একটি রাবার বোট (নৌকা) ডুবে গেছে। এতে দুই শিশুসহ অন্তত ৫৩ জন মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন।
সোমবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারা’র উত্তরে ৫৫ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়।
সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া দুই জীবিত ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বেঁচে ফেরা ব্যক্তিদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার জাউইয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল এবং এর প্রায় ছয় ঘণ্টা পর এটি দুর্ঘটনার কবলে পড়ে।
আইওএম-এর ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিপজ্জনক মধ্য-ভূমধ্যসাগরীয় পথে ১ হাজার ৩০০-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সাম্প্রতিক এই ঘটনার ফলে চলতি বছরে এই রুটে মৃত বা নিখোঁজ হওয়া শরণার্থী ও অভিবাসীদের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪৮৪ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, “আইওএম-এর তথ্য দেখাচ্ছে যে, চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে মধ্য-ভূমধ্যসাগরে একাধিক ‘অদৃশ্য’ নৌকাডুবির ঘটনায় কেবল জানুয়ারি মাসেই অন্তত ৩৭৫ জন অভিবাসী মৃত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আরও শত শত মানুষের মৃত্যু নথিবদ্ধ হয়নি।” সূত্র: আল জাজিরা
মাহফুজ/