ভিয়েতনাম সরকার ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে দেশটিতে সেবা পরিচালনার লাইসেন্স দিয়েছে বলে দেশটির একটি সরকারি সংস্থা জানিয়েছে।
রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ইউনিট স্টারলিংক সার্ভিসেস ভিয়েতনাম কোং প্রাথমিকভাবে চারটি গেটওয়ে স্টেশন স্থাপন করতে পারবে। পাশাপাশি সর্বোচ্চ ছয় লাখ টার্মিনাল ডিভাইস মোতায়েনের অনুমতি পেয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক ঘোষণায় রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, লাইসেন্সের শর্তে বলা হয়েছে, স্টারলিংককে এ ব্যাপারে নিশ্চিত করতে হবে, যেন বিদ্যমান রেডিও যোগাযোগ নেটওয়ার্কে কোনো ধরনের হস্তক্ষেপ করা না হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, স্টারলিংক ব্যবস্থা দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে অবদান রাখবে।
স্টারলিংক বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। হাজার হাজার লো-আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে এ সেবা পরিচালিত হয়।
ভিয়েতনামের প্রায় ১০ কোটি মানুষের মধ্যে প্রায় ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী।
এ তথ্য জানিয়েছে ভিয়েতনাম ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার।
তবে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় এখনও ইন্টারনেট সেবায় ঘাটতি রয়ে গেছে। স্টারলিংকের মূল কোম্পানি স্পেস এক্স প্রতিষ্ঠা করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ইলন মাস্ক।
এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে রবিবার তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টারলিংক তাদের ওয়েব সাইটের প্রাপ্যতা মানচিত্রে জানিয়েছে, ভিয়েতনামে তাদের সেবা শিগগিরই আসছে।
গত বছর ওয়াশিংটন ভিয়েতনামি পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশ একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। চলতি মাসে ষষ্ঠ দফা আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি।
ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
সুমন/