তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলা চালিয়ে ইসরায়েল। হামলার পর আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ।
শনিবার (৭ মার্চ) রাতে এ হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
তারা বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে ইরানি সেনাবাহিনী ব্যবহার করত বলে দাবি করে তারা।
অন্যদিকে ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশের বেশ কয়েকটি তেলের ডিপোতে এই হামলা চালানো হয়েছে।
যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাল ইসরায়েল।
মার্কিন ঘাঁটিতে হামলা ‘আত্মরক্ষার আইনি অধিকার’: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে তেহরানের হামলা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চাপিয়ে দেওয়া’ যুদ্ধের একটি জবাব। এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ইরান এই সংঘাত বেছে নেয়নি এবং তারা কেবল আত্মরক্ষার্থে কাজ করছে।
আরাগচি বলেন, এই যুদ্ধ আমাদের পছন্দের নয়। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তিনি এই সংঘাতকে উস্কানিমূলক, অযৌক্তিক এবং অবৈধ হিসেবে বর্ণনা করেন।
আরাগচি আরও জানান যে, ইরানের প্রতিহিংসামূলক সামরিক পদক্ষেপগুলো ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং সম্পদের ওপর পরিচালিত হচ্ছে, এমনকি সেগুলো প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ডে অবস্থিত হলেও ইরান তা লক্ষ্যবস্তু করবে।
ইরানি হামলার নিন্দা আরব লীগের মহাসচিবের
বেসামরিক লক্ষ্যবস্তু ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছেন আরব লীগ-এর মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি উপসাগরীয় অঞ্চলে বেসামরিক লক্ষ্যবস্তু ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে ইরানের হামলাকে “বিপজ্জনক” উত্তেজনা বৃদ্ধি হিসেবে আখ্যা দিয়েছেন।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই বেপরোয়া ও অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি একটি গুরুতর ভুল হিসাব, যা ইরানকে অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে।”
দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের দুইজন সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু এবং ইসরায়েলি বিমান হামলা জোরদার হওয়ার পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেল। যদিও ইসরায়েলি সোনবাহিনী জানিয়েছিল তাদের আরও একজন সেনা ইতোমধ্যে নিহত হয়েছে।
সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আর কোনো তথ্য প্রদান করেনি। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং হিজবুল্লাহর সাথে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করেছে।
বিবৃতিতে সুনির্দিষ্ট সংখ্যার বিস্তারিত উল্লেখ করা না হলেও, একটি ইনফোগ্রাফিকের মাধ্যমে ইরান যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত শনাক্ত এবং প্রতিহত করা মোট ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে আরব আমিরাত এখন পর্যন্ত মোট ১৪০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে।
হামলা আরও জোরদারের ঘোষণা ইরানের
আজ রাত থেকে ইরানের বিপ্লবী গার্ড তাদের হামলাকে আরও জোরদার করবে বলে ঘোষণা দিয়েছে। এতে ভারী ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহারে পরিমাণ ১০০% বৃদ্ধি পাবে। অর্থাৎ এসব ক্ষেপণাস্ত্রের ব্যবহার কার্যত দ্বিগুণ করা হবে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের একজন সেনা নিহত হওয়ার খবর ঘোষণা করেছে। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনার নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সেনাবাহিনীর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিলেন বলেও জানানো হয়েছে।
হাইফা নৌঘাঁটিতে হিজবুল্লাহর নতুন করে হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে একঝাঁক রকেট নিক্ষেপ করেছে, যেটিকে তারা একটি লজিস্টিক সুবিধা কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। বৈরুতের দক্ষিণ শহরতলিসহ লেবাননের ডজনখানেক শহর ও গ্রামে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই রকেট হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ উল্লেখ করেছে।
পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। উল্লেখ্য যে, গতকালও তারা একই লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল।
আরব আমিরাতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরবি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ‘‘আকাশে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে, তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রতিহত করার ফলে সৃষ্টি হচ্ছে।’’
ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত ৩ ইসরায়েলি
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা শার্পনেলের আঘাতে তিন ইসরায়েলি আহত হয়েছে। আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক, ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা মাঝারি এবং ৫৬ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো বর্তমানে মধ্য ইসরায়েলের একটি ‘বিধ্বস্ত এলাকায়’ উদ্ধারকাজ চালাচ্ছে।
দুবাইয়ে অস্ত্রের টুকরাের আঘাতে একজন নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) কয়েক দফায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়। তবে এগুলো ঠেকানোর কথা জানিয়েছে আরব আমিরাত।
এই ঠেকানো অস্ত্রের একটি টুকরা ভূপাতিত হয়ে দুবাইয়ের একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আরব আমিরাতের কর্মকর্তারা জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে, অন্যদিকে যুদ্ধবিমানগুলি ড্রোন এবং অন্যান্য আকাশযানকে ঠেকনোর কাজ করছে।
ওমান এয়ারের ফ্লাইট স্থগিত
ওমান এয়ার আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার কারণে ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত উপসাগরীয় দেশগুলিতে এবং সেখান থেকে আসা সব ফ্লাইট স্থগিত করেছে।
বিমান সংস্থাটি জানায়, আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, বাগদাদ, খাসাব, এই গন্তব্যগুলো বন্ধ থাকবে।
হরমুজ প্রণালীতে আরব আমিরাতের টাগবোট ডুবে ৩ ক্রু নিখোঁজ, উদ্ধার ৪ জন
হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের টাগবোট ডুবে তিন ইন্দোনেশিয়ান ক্রু নিখোঁজ রয়েছেন। তাছাড়া চারজন ভারতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) জাকার্তার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট মুসাফাহ-২ ডুবে যাওয়ার পর তিন ইন্দোনেশিয়ান ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
মন্ত্রণালয় জানায়, মুসাফাহ’য় ইন্দোনেশিয়া, ভারত এবং ফিলিপাইনের সাতজন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজন বেঁচে গেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন, যাদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।
বিবৃতিতে বলা হয়, ডুবে যাওয়ার আগে টাগবোটে বিস্ফোরণ ঘটে। যার ফলে এতে আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ সাফিন প্রেস্টিজকে সহায়তা দেওয়ার চেষ্টার সময় টাগবোটটি দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। -এনডিটিভি
লেবাননে ইসরায়েলি হামলায় ৮৩ শিশুসহ অন্তত ৩৯৪ জন নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা নিয়ে একটি নতুন তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, এই হামলায় অন্তত ১ হাজার ১৩০ জন আহত হয়েছেন।
ইরান থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই হুমকি মোকাবিলা ও লক্ষ্যভেদে কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘাঁটিতে ইরানের হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
রবিবার (৮ মার্চ) ইরানের সেনাবাহিনী দাবি করে, তারা হাইফা ও তেল আভিভে একাধিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে।
ইসরায়েলের বিশেষ কিছু লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা হামলার পরিসর আরও বাড়িয়ে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। - বিবিসি
ইরানের রাজধানী তেহরানে পাঁচটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর তেহরানে প্রচণ্ড বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।
রবিবার জাতীয় ইরানি তেল পণ্য বিতরণ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুই ট্যাঙ্কার চালকসহ চারজন নিহত হয়েছেন।
CRAZY FOOTAGE 🔴
— Open Source Intel (@Osint613) March 7, 2026
Apocalyptic scenes coming out of Tehran right now pic.twitter.com/VVejLZfaVq
ইরানে অ্যাসিড বৃষ্টির আশঙ্কা
তেলের ডিপুতে বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
সর্বোচ্চ নেতার নাম না প্রকাশ করে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানান, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজ অ্যাজেন্সি জানায়, আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।
অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল, যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরে থাকে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। - বিবিসি
ইরানে তেল ডিপোতে হামলায় নিহত ৬, আহত ২১
ইরানের কারাজ শহরে তেল ডিপোতে হামলায় কমপক্ষে ৬ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম সংবাদসংস্থা এ তথ্য জানায়।
এতে জানানো হয়, আলবোর্জ প্রদেশের কারাজ শহরের ফারদিস তেল ডিপোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে আশেপাশের বাসিন্দারাও রয়েছেন।
তেহরানে জ্বালানি সরবরাহ সাময়িক বন্ধ
ইরানে তেল ডিপোতে হামলার পর তেহরানে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) এক ইরানি কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ইরানে ডাবল-ট্যাপ মিসাইল হামলায় নিহত ২০, আহত ৫০
ইরানের মধ্যাঞ্চলীয় নাজাফাবাদ শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ডাবল-ট্যাপ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এতে ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
রবিবার (৮ মার্চ) ইরানের সংবাদসংস্থা ফার্স এ তথ্য জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকর্মী এবং সাধারণ বাসিন্দারা আহতদের সাহায্য করছিলেন, ঠিক সেই সময় কয়েক মিনিট পরই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি একই স্থানে আঘাত হানে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৯৬৬৯ ভবন ধ্বংস: রেড ক্রিসেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৯ হাজার ৬৬৯টি বেসামরিক ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, এর মধ্যে ৭ হাজার ৯৪৩টি আবাসিক ভবন ও ১ হাজার ৬১৭টি বাণিজ্যিক ভবন।
যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ১৯২৯ জন হাসপাতালে ভর্তি
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের এক হাজার ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জন মাঝারি এবং ৭০ জন নাবালক।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯
দক্ষিণ লেবাননের সির এল ঘারবিয়েহ গ্রামে একটি তিনতলা ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ অপসারণ ও মরদেহ উদ্ধারে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী দল।
ট্রাম্পকে শান্তিতে থাকতে দেব না: আলি লারিজানি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য ‘মূল্য দিতে হবে’ বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান আলি লারিজানি।
ইরানের ৫ তেল স্থাপনায় হামলা
ইরানের পাঁচটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
রবিবার (৮ মার্চ) ইরানের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন, ইরানের রাজধানী ও তার কাছাকাছি রাতে পাঁচটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের জাতীয় তেল পণ্য বিতরণ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কেরামাত ভেসকারামি রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন, ‘গত রাতে তেহরানের চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহনকেন্দ্র এবং আলবোর্জে শত্রু বিমান দ্বারা আক্রমণের শিকার হয়েছে।’
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পাঁচটি স্থাপনার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ইসফাহানে নিহত ১১
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইরানের ইসফাহান প্রদেশের বিভিন্ন উৎপাদন কারখানা ও একটি ঘোড়দৌড় ক্লাবে হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে অনুযায়ী, ওই মধ্যাঞ্চলীয় প্রদেশের অন্তত ৮টি শহরে হামলা চালানো হয়েছে। শহরগুলো হলো- ইসফাহান, নাজাফাবাদ, আরান, বিদগোল, বারখার, খোমেনি শাহর, শাহরেজা, ফালাভারজান এবং মোবারাকেহ।
ইসরায়েলের কিরিয়াত শমোনায় হামলার দাবি হিজবুল্লাহর
বৈরুত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে দেশটিরর কিরিয়াত শমোনা শহরে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে ইরান: আইআরজিসি
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি।
ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
নাইনি বলেন, “ইরান এখন পর্যন্ত ‘প্রথম ও দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনে ‘উন্নত ও কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে।”
মধ্যপ্রাচ্য যুদ্ধের কোনো কারণ নেই: চীন
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ‘কখনও হওয়া উচিত ছিল না’।
তিনি বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা কখনই হওয়া উচিত ছিল না’
রবিবার (৮ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, ‘একটি শক্তিশালী জোট মানেই শক্তিশালী যুক্তি নয়। পৃথিবী জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।’
বাহরাইনে আহত ৩
বাহরাইনের মুহাররাক শহরে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হয়েছেন। একইসঙ্গে শহরের একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ইরানে সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানজুড়ে সামরিক অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে।
ছয় মাস যুদ্ধে লড়তে পারে ইরান
ইরান কমপক্ষে ছয় মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র যুদ্ধ লড়তে পারে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রবিবার (৮ মার্চ) ফার্স সংবাদসংস্থা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়।
গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ৬ মাসের তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।
ইরানের অভিজাত বাহিনী গার্ডস আরও বলেছে, তারা এই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘাঁটি এবং সুযোগ-সুবিধার সঙ্গে সম্পর্কিত ২০০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করেছে।
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে আরব আমিরাত
ইরানের হামলার জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।
রবিবার (৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করছে।
কুয়েত বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে
কুয়েত বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রবিবার (৮ মার্চ) কুয়েতি কর্তৃপক্ষ জানায়, আজ ভোরে কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে লাগা আগুন এখন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে এনেছে।
সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ফায়ার সার্ভিস এখনও সামাজিক নিরাপত্তা অফিসের মূল ভবনে আগুন নেভানোর চেষ্টা করছে।
আজ সকালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই সীমান্তরক্ষীর মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পরই এই বিবৃতি দেওয়া হলো।
তেহরানের নেতারা ‘কাকা বলে কাঁদবেন’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে বলেছেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের নেতারা ‘কাকা বলে কাঁদবেন’ অথবা যখন তাদের সামরিক বাহিনী আর কার্যকর থাকবে না।
কুয়েতের দুই সীমান্তরক্ষী নিহত
কুয়েতে কর্তব্যরত অবস্থায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বৈরুতে ইরানি বাহিনীর ওপর হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, বৈরুতে কর্মরত ইরানের আইআরজিসির কুদস ফোর্সের লেবানন কোরের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারের ওপর হামলা চালিয়েছে তারা।
কুদস ফোর্স হলো আইআরজিসির (ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) বিদেশে পরিচালিত সামরিক কার্যক্রমের শাখা।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানের ‘সন্ত্রাসী শাসনের’ কমান্ডারদের লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান চালানো অব্যাহত থাকবে। তবে বিবৃতিতে হামলার সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা। এ ছাড়া এ হামলা নিয়ে ইরানের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
‘আপনি যদি আমেরিকানদের হত্যা করেন, আমরা আপনাকে হত্যা করব’
‘যদি তুমি আমেরিকানদের হত্যা করো, যদি তুমি পৃথিবীর যেকোনো জায়গায় আমেরিকানদের হুমকি দাও, তাহলে আমরা ক্ষমা চাওয়া ছাড়াই এবং দ্বিধা ছাড়াই তোমাকে খুঁজে বের করব, এবং আমরা তোমাকে মেরে ফেলব’
সেন্টকমের এক্স-এ প্রকাশিত একটি পোস্টে এসব কথা লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
হুমকির সাথে থাকা ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে যুক্তরাষ্ট্র বাহিনী কর্তৃক বোমা হামলা ও ধ্বংস করা যানবাহন এবং কাঠামোর একটি ফুটেজ দেখানো হয়েছে।
বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৪
লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা মানুষরা আশ্রয় নিয়েছিলেন।