ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের ১৫তম দিনে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় পুরো অঞ্চল জুড়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।
যুদ্ধের এ পর্যায়ে এসে মধ্যপ্রাচ্যে প্রায় ২,৫০০ মেরিন সেনা এবং অন্তত একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট (পানি ও স্থল উভয় জায়গায় কার্যক্রম চালাতে সক্ষম) জাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানও হামলা চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেছে।
নিচে পড়ুন যুদ্ধের ১৫ তম দিনের সবশেষ খবর
ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১৫
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলীয় শিল্প শহর ইসফাহানে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি সরাসরি ওই শহরে আঘাত হানে। এ হামলার পর ইসফাহান শহরের আকাশেজুড়ের প্রচুর ধোয়া উড়তে দেখা যায়। এ হামলায় হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। তবে লক্ষ্যবস্তু বা হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইসরায়েল এবং লেবাননের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা
ইসরায়েল এবং লেবাননের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের পর এটিই হবে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।
ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’ বেনামী দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, এই আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার উপস্থিত থাকবেন। এই বৈঠক প্যারিস অথবা সাইপ্রাসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী রন ডারমার ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
যুদ্ধ চলা সত্ত্বেও ইরান স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, যুদ্ধ চলা সত্ত্বেও ইরান স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সরকারি সেবাগুলো সচল রাখতে প্রশাসনের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৮২৬
গত ২ মার্চ থেকে লেবাননজুড়ে ক্রমাগত বাড়তে থাকা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮২৬-এ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গত কয়েকদিনের এই তীব্র সংঘাতের ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৯ জন।
নিহতদের মধ্যে অন্তত ৬৫ জন নারী এবং ১০৬ জন শিশু রয়েছে। বুর্জ কালাউইয়া এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধারের পর নিহতের তালিকায় প্যারামেডিক বা স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ।
ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র সবাইকে বিসর্জন দেয়: ইরান
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘এই যুদ্ধ একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছে: আমাদের অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না—বরং এগুলো একটি হুমকি। আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে বিসর্জন দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারো পরোয়া করে না।’’
তিনি আরও যোগ করেন, ‘‘যারা আমেরিকার পোশাক পরে আছে, তারা আসলে উলঙ্গ!’’
মার্কিন ব্যাংকের শাখাগুলোতে চালানো হামলা ‘প্রতিশোধমূলক’ : আইআরজিসি
উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকের শাখাগুলোতে চালানো হামলাকে ‘প্রতিশোধমূলক’ বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র সরদার নাইনি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নাইনি বলেছেন, ‘‘মার্কিন ব্যাংকের শাখাগুলোতে এই হামলা চালানো হয়েছে মূলত দুটি ইরানি ব্যাংকের ওপর শত্রুপক্ষের (যুক্তরাষ্ট্র) হামলার প্রতিক্রিয়া হিসেবে।’’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘শত্রুরা যদি আবারও এই ধরনের কাজ করে, তবে এই অঞ্চলের সব মার্কিন ব্যাংকের শাখা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’’
দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার এলাকায় পরপর দুটি হামলার ঘটনার পর দুবাইয়ে থাকা সিটি গ্রুপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডসহ বড় বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে এবং বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
অস্ট্রেলিয়া থেকে ইরানে ফিরতে চান আরও ৩ নারী ফুটবলার
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দলের দুজন খেলোয়াড় এবং লজিস্টিক স্টাফের একজন সদস্য তাদের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এখন তারা দেশের পথে রওনা হবেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 'উইমেন’স এশিয়ান কাপ' চলাকালীন ইরান দলের বেশ কয়েকজন সদস্য রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর এই নতুন মোড় এলো।
ঘটনার সূত্রপাত হয় যখন একটি ম্যাচের আগে দলের কিছু খেলোয়াড় ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে অস্ট্রেলিয়া এই দলের বেশ কয়েকজন সদস্যকে মানবিক ভিসা প্রদান করেছিল, যারা দাবি করেছিলেন যে দেশে ফিরলে তারা নির্যাতনের শিকার হতে পারেন।
ইরানে ১৩ টন মানবিক চিকিৎসা সহায়তা পাঠাল রাশিয়া
বিপুল সংখ্যক বেসামরিক হতাহত এবং হাসপাতালগুলোর ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে তেহরানের অনুরোধে সাড়া দিয়ে ইরানকে ১৩ টন মানবিক চিকিৎসা সহায়তা পাঠিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই এই সহায়তা পাঠানো হয়েছে।
এই সহায়তার মধ্যে রয়েছে জরুরি ওষুধ, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী।
রাশিয়ান ইল-৭৬ কার্গো বিমানে করে এই সাহায্য প্রথমে আজারবাইজানে পাঠানো হয়। এরপর সেখান থেকে ট্রাকের মাধ্যমে আস্তারা সীমান্ত হয়ে ইরানে পৌঁছায়।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সংঘাতের ফলে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরান এই জরুরি সহায়তার জন্য অনুরোধ জানিয়েছিল।
উপসাগরীয় দেশগুলোতে হামলা ইরানের ‘সামরিক অক্ষমতাকেই’ তুলে ধরছে: আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তাদের ‘সামরিক অক্ষমতাকেই’ ফুটিয়ে তুলেছে।
গারগাশ বলেন, ‘‘আমেরিকান এবং ইসরায়েলি হামলার মোকাবিলা করতে না পেরে আরব উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করার যে ইরানি কৌশল, তা তাদের সামরিক অক্ষমতা, নৈতিক দেউলিয়াত্ব এবং রাজনৈতিক বিচ্ছিন্নতাকেই প্রকাশ করে।’’
তিনি ‘শুভবুদ্ধির উদয়’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে এবং তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে সক্রিয় করতে হবে।
এই সংকটের কোনো সামরিক সমাধান নেই; কেবল সংলাপেই সম্ভব: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবানন সফরকালে ইসরায়েলি হামলায় আহত ও বাস্তুচ্যুতদের পরিস্থিতি দেখে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন যে, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ বৈরুত বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
গুতেরেস স্পষ্ট জানিয়েছেন যে, এই যুদ্ধ লেবাননের সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বিবদমান পক্ষগুলোকে যুদ্ধ ও বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই; কেবল কূটনীতি, সংলাপ এবং জাতিসংঘ সনদের বাস্তবায়নের মাধ্যমেই সমাধান সম্ভব। বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে তিনি দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানান।
ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের খার্গ দ্বীপে গত রাতের হামলাকে একটি ‘বৃহৎ পরিসরের নিখুঁত হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানিয়েছে, এই হামলায় নৌ-মাইন মজুত করার স্থাপনা, ক্ষেপণাস্ত্র মজুত করার বাঙ্কার এবং আরও বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তেল উত্তোলনের অবকাঠামো নিরাপদ রেখেই মার্কিন বাহিনী ইরানের ৯০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এর আগে এক ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন যে, দ্বীপটি থেকে জ্বালানি তেল রপ্তানি কার্যক্রম পুরোদমে সচল রয়েছে এবং তেল কোম্পানিগুলোর কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছে।
ইরানে মোট ১৭ জন মেডিকেল কর্মী নিহত
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইজরায়েলি যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭ জন মেডিকেল কর্মী নিহত হয়েছেন।
আমিরাতের ৩ বন্দরের আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইরানের
সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রধান বন্দর- জেবেল আলী বন্দর, খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশেপাশের বাসিন্দা ও শ্রমিকদের অবিলম্বে এলাকা ত্যাগের সতর্কতা জারি করেছে ইরান।
শনিবার প্রকাশিত 'ইরান ইন্টারন্যাশনাল'-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান জানিয়েছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই স্থানগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এই স্থানগুলো এখন 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হচ্ছে, কারণ বেসামরিক স্থাপনাগুলোর কাছে মার্কিন সামরিক বাহিনী অবস্থান করছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করছে।
কূটনৈতিককে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা আমিরাতের
সংযুক্ত আরব আমিরাত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তাদের কনস্যুলেট জেনারেলকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ‘বিশ্বাসঘাতকতামূলক’ হামলায় দুজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং কনস্যুলেট ভবনের ক্ষতি হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ‘বিপজ্জনক উস্কানি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি’।
সংযুক্ত আরব আমিরাত এই হামলার রহস্য উদঘাটন, অপরাধীদের শনাক্তকরণ এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইরাক প্রজাতন্ত্র এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধে বিভিন্ন দেশে নিহতের সংখ্যার একটি তালিকা নিচে দেওয়া হলো:
ইরানে ১,৪৪৪ জন
লেবাননে ৭৭৩ জন
ইসরায়েলে ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতে ৬ জন
বাহরাইনে ২ জন
সৌদি আরবে ২ জন
কুয়েতে ৬ জন
ওমানে ৩ জন
যুক্তরাষ্ট্র ১১ জন
ইরাকে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর জেরুজালেমে বিস্ফোরণ
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সতর্কবার্তা দেওয়ার পরপরই পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে।
তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে যে, উদ্ভূত হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সচল রয়েছে।