হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে ইরান। ইরান বলছে, রবিবার (২২ মার্চ) তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের আধাসরকারি সংবাদসংস্থা আইএসএনএ যৌথ বিমান প্রতিরক্ষা কমান্ডের বিবৃতির বরাত দিয়ে জানায়, যুদ্ধবিমানটি দেশটির দক্ষিণ উপকূলে এবং হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তু হওয়ার আগে বিমানটি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
অন্যান্য সূত্র থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। পাইলটের ভাগ্যে কী ঘটেছে বা ধ্বংসাবশেষ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। - আনাদুলো অ্যাজেন্সি
অমিয়/