ইরানের সঙ্গে শান্তি আলোচনা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে পাকিস্তানের ইসলামাবাদ পাঠাচ্ছেন। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ যাচ্ছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।
তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ এই আলোচনায় অংশ নিচ্ছেন না। সেই কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত পাকিস্তান সফরে যাচ্ছেন না বলে কর্মকর্তারা জানিয়েছেন। হোয়াইট হাউস গালিবাফকে ইরানি প্রতিনিধি দলের প্রধান এবং ভ্যান্সের উপযুক্ত সমপর্যায়ভুক্ত প্রতিনিধি হিসেবে বিবেচনা করে। তবে আলোচনার ইতিবাচক অগ্রগতি হলে জেডি ভ্যান্স যেকোনো সময় ইসলামাবাদে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ইতোমধ্যে তার দপ্তরের কর্মীরা আলোচনার টেবিলে উপস্থিত থাকতে পাকিস্তানে পৌঁছেছেন।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে কুশনার ও উইটকফ গত কয়েক মাস ধরেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন। মূলত সেই প্রচেষ্টাকে চূড়ান্ত রূপ দিতেই ট্রাম্পের এই বিশেষ প্রতিনিধি দল এখন পাকিস্তানে অবস্থান করছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কেবল পাকিস্তান নয়, ওমান ও রাশিয়াও সফর করবেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু করার জন্য পাকিস্তান জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরাগচির এই সফরকে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: সিএনএন