বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এবার বঙ্গ বিজেপির অন্দরমহলে একটাই বড় প্রশ্ন, কে বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে? এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য চার ‘হেভিওয়েট’ নেতাকে ঘিরে গেরুয়া শিবিরে জল্পনা এবং বিশ্লেষণ তুঙ্গে।
মুখ্যমন্ত্রী পদে যাদের নিয়ে জল্পনা হচ্ছে তারা হলেন-
শুভেন্দু অধিকারী:
বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর- দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি ইতোমধ্যেই ‘জায়েন্ট কিলার’ তকমা পেয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং ধারাবাহিক জয়ের রেকর্ড তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে।
শমীক ভট্টাচার্য:
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সংযত ও শান্ত নেতৃত্বের ধরণ, পাশাপাশি পুরনো ও নতুন কর্মীদের একসূত্রে গাঁথার সক্ষমতা তাকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছে।
উৎপল ব্রহ্মচারী:
তিনি ‘উৎপল মহারাজ’ নামেই অধিক পরিচিত। উৎপল ব্রহ্মচারী আরএসএস ঘনিষ্ঠ মুখ। কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে তার উল্লেখযোগ্য জয় দলের অন্দরে তার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
স্বপন দাশগুপ্ত:
জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং বুদ্ধিজীবী ভাবমূর্তির কারণে স্বপন দাশগুপ্তর নামও নেতৃত্বের বিশেষ বিবেচনায় রয়েছে। তার কৌশলগত চিন্তাভাবনা দলীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে শেষ পর্যন্ত কার মাথায় উঠবে রাজতিলক, তার চূড়ান্ত উত্তর মিলবে আগামী ৯ মে।
বিধায়কদের শপথ কবিগুরুর জন্মদিনে
২৫ বৈশাখ (৯ মে) রাজ্যে অষ্টাদশ বিধানসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজভবনে। এর আগে নির্বাচন কমিশনের গ্যাজেট নোটিফিকেশন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রধান সচিব এস. ওয়াই. যোশি পশ্চিমবঙ্গে আসছেন। পাশাপাশি সিইও মনোজ কুমার আগরওয়াল গ্যাজেট নোটিফিকেশন নিয়ে রাজভবনে যাবেন। সূত্র: কলকাতা ২৪
অমিয়/