যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক পর্যায়ে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। কয়েক সপ্তাহের গোপন আলোচনার পর দুই দেশ সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারীদের সহায়তায় চলা আলোচনায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী সংলাপের বিষয়ে অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ কাছাকাছি এসেছে, যদিও এখনো কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।
আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানায়, সম্ভাব্য সমঝোতায় ৩০ থেকে ৬০ দিনের একটি অন্তর্বর্তী সময়সীমা থাকতে পারে। এ সময়ে উভয় পক্ষ উত্তেজনা কমিয়ে পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবে। একই সঙ্গে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা কমানোর বিষয়ও আলোচনায় রয়েছে।
তবে ইরান জানায়, তারা নিজেদের জাতীয় স্বার্থ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে সহজে আপস করবে না। দেশটির শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট এখনো কাটেনি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের পথে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। সূত্র: সিএনএন
অমিয়/