ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু ভবন ধসে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি ও ধ্বংসস্তূপের চিত্র দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এসব ঘটনার তথ্য যাচাই করছে।
শক্তিশালী এ ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক জরুরি বার্তায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবন রক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরকারি সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও এক বার্তায় বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন। সূত্র: আল জাজিরা
আমান/