আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকেপড়া দুই মার্কিন নভোচারীকে ফিরিয়ে আনতে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের ওপর ভরসা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছরের ৫ জুন বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আইএসএসে গিয়েছিলেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আট দিনের মিশন শেষে তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও স্টারলাইনার মহাকাশযান ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে এবং ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ফলে তারা প্রায় আট মাস ধরে মহাকাশ স্টেশনে আটকে আছেন। এ কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে দ্রুত মহাকাশ স্টেশনে আটকেপড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে বলেছেন।
ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লিখেছেন, ‘স্পেসএক্স শিগগিরই আইএসএসে আটকে থাকা দুই মার্কিন নভোচারীকে ফিরিয়ে আনার মিশন শুরু করবে। ইলন শিগগিরই এর জন্য কাজ করবে। আশা করি, তারা নিরাপদে ফিরবেন। শুভকামনা ইলন!!!’
ট্রাম্পের ঘোষণার পর ইলন মাস্ক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত সম্ভব দুই নভোচারীকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। তারা ২০২৪ সালের জুন থেকে মহাকাশ স্টেশনে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এতদিন তাদের অসহায় অবস্থায় রেখেছে, যা ভয়ংকর।
তবে নাসার দাবি, নভোচারীরা আইএসএসে সুস্থ আছেন এবং গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সংস্থাটি জানিয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যেই স্পেসএক্সের ক্রু-৯ মিশনের প্রস্তুতি শুরু হয়েছে। কবে নাগাদ তাদের ফেরানোর অভিযান শুরু হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প কিংবা নাসা। সূত্র: এনডিটিভি


