কোয়ান্টাম প্রযুক্তির গবেষণায় বড় ধরনের সাফল্য পেয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। তারা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের ‘ডব্লিউ স্টেট’ নামে পরিচিত জটিল অবস্থা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করার একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই সাফল্য কোয়ান্টাম টেলিপোর্টেশন ও ভবিষ্যৎ প্রজন্মের কোয়ান্টাম কম্পিউটিংয়ের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।
কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট হলো এমন একটি অবস্থা, যেখানে একাধিক কণা (যেমন: ফোটন) একে অপরের সঙ্গে রহস্যময়ভাবে সংযুক্ত থাকে। কোয়ান্টাম প্রযুক্তি তৈরির জন্য এই সংযুক্ত অবস্থাটি শনাক্ত করা অত্যন্ত জরুরি। প্রচলিত পদ্ধতিতে এটি শনাক্ত করা বেশ সময়সাপেক্ষ ও জটিল ছিল। জিএইচজেড স্টেটের জন্য সমাধান থাকলেও, ডব্লিউ স্টেটের জন্য কোনো পদ্ধতি ছিল না। কিয়োটো বিশ্ববিদ্যালয় ও হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তারা একটি বিশেষ ‘ফটোনিক কোয়ান্টাম সার্কিট’ ব্যবহার করে তিনটি ফোটনের ডব্লিউ স্টেট সফলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। প্রধান গবেষক শিগাকি তাকেউচি বলেন, ‘জিএইচজেড স্টেটের প্রায় ২৫ বছর পর অবশেষে ডব্লিউ স্টেটের জন্যও সমাধান খুঁজে পেলাম।’
এই উদ্ভাবনের ফলে কোয়ান্টাম ইনফরমেশন স্থানান্তর বা কোয়ান্টাম টেলিপোর্টেশন বাস্তবে রূপ দেওয়ার পথ আরও সহজ হবে। এ ছাড়া এটি নতুন কোয়ান্টাম কমিউনিকেশন প্রটোকল এবং মেজারমেন্টভিত্তিক কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলটি ভবিষ্যতে আরও বড় পরিসরে এই পদ্ধতি প্রয়োগের পরিকল্পনা করছে।


