দাঁত সাদা করার প্রচলিত পদ্ধতিগুলোতে অনেক সময় দাঁতের এনামেল বা ওপরের স্তরের ক্ষতি হয়। তবে চীনা বিজ্ঞানীরা এমন এক বিশেষ পাউডার বা গুঁড়া উদ্ভাবন করেছেন, যা বৈদ্যুতিক টুথব্রাশের কম্পনের সাহায্যে দাঁত উজ্জ্বল করতে সক্ষম। এটি কেবল দাঁত সাদাই করবে না, বরং দাঁতের সুরক্ষা ও ক্ষয়রোধেও কার্যকর ভূমিকা রাখবে।
বংশগত কারণ কিংবা চা-কফির মতো পানীয় পানের ফলে দাঁতে স্থায়ী দাগ পড়ে যেতে পারে। এসব দাগ দূর করতে সাধারণত চিকিৎসকরা বিভিন্ন রাসায়নিক জেল ও মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দেন। এসব পদ্ধতিতে ব্যবহৃত ‘পারঅক্সাইড’ দাঁতের দাগ দূর করলেও দাঁতের এনামেলের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা এমন একটি ‘প্রোটোটাইপ’ পাউডার তৈরি করেছেন, যা যান্ত্রিক কম্পনে সক্রিয় হয়।
‘এসিএস ন্যানো’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার প্রধান লেখক মিন জিং জানিয়েছেন, এটি বাড়িতে বসেই দাঁত সাদা করার একটি নিরাপদ কৌশল। এই বিশেষ পাউডারটি স্ট্রনটিয়াম, ক্যালসিয়াম ও বেরিয়াম টাইটানেট যৌগের মিশ্রণে তৈরি। বিজ্ঞানীরা এই মিশ্রণকে উত্তপ্ত করে একটি সিরামিক পাউডারে রূপান্তর করেছেন, যার নাম দেওয়া হয়েছে বিএসসিটি।
এই পাউডারের বিশেষত্ব এটি সাধারণ অবস্থায় সক্রিয় থাকে না। যখন বৈদ্যুতিক টুথব্রাশের কম্পন এই পাউডারের সংস্পর্শে আসে, তখন এটি একটি মৃদু বিদ্যুৎক্ষেত্র তৈরি করে। অনেকটা ঘড়িতে ব্যবহৃত কোয়ার্টজ ক্রিস্টালের মতো। এই বিদ্যুৎক্ষেত্র তখন এমন কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যা দাঁতের দাগের অণুগুলোকে ভেঙে ফেলে। তবে প্রচলিত রাসায়নিকের মতো এটি দাঁতের এনামেল নষ্ট করে না।
গবেষণাগারে চা ও কফির দাগ পড়া মানুষের দাঁতের ওপর এই পাউডার পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, মাত্র চার ঘণ্টা ব্রাশ করার পরই দাঁতের উজ্জ্বলতা দৃশ্যমানভাবে বেড়েছে। ১২ ঘণ্টা ব্রাশ করার পর দেখা যায়, সাধারণ পদ্ধতিতে ব্রাশ করা দাঁতের তুলনায় বিএসসিটি পাউডার ব্যবহারে দাঁত প্রায় ৫০ শতাংশ বেশি উজ্জ্বল হয়েছে।
দাঁত সাদা করার পাশাপাশি এই গুঁড়া দাঁতের ক্ষয়প্রাপ্ত এনামেল পুনর্গঠনে সহায়তা করে। পাউডারে থাকা ক্যালসিয়াম ও স্ট্রনটিয়াম আয়ন দাঁতের উপরিভাগে একটি আস্তরণ তৈরি করে একে মজবুত রাখে। এ ছাড়া ইঁদুরের ওপর করা পরীক্ষায় দেখা গেছে, চার সপ্তাহ এই পাউডার ব্যবহারে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে। গবেষকদের মতে, এই উদ্ভাবন ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য দাঁতের যত্ন নেওয়া আরও সহজ ও নিরাপদ করে তুলবে।


