বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মেননকে আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার তদন্তের জন্য পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে মেননকে গ্রেপ্তার করে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে হতাহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়। এ ছাড়া গত ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলায়ও তাকে আসামি করা হয়েছে। এদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গতকাল মেননের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো রাশেদ খান মেনন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।
সালমান/