সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাব স্থগিতের তালিকায় আবুল হাসানাত আবদুল্লাহর প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহও রয়েছেন। আবুল হাসনাত আবদুল্লাহ গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির স্ত্রী-সন্তানের ব্যক্তিগত ও একক মালিকানা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সম্পর্কিত নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সংস্থাটির শীর্ষ কর্মকর্তা খবরের কাজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংক হিসাব স্থগিতের তালিকায় রয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ, তার প্রয়াত স্ত্রী সাহান আরা আবদুল্লাহ, তিন ছেলে যথাক্রমে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, সাদিক আব্দুল্লাহর স্ত্রী লিপি আব্দুল্লাহ ও পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাহান আরা আবদুল্লাহ ৭২ বয়সে গত ২০২০ সালের ৮ জুন মারা যান। মৃত কোনো ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের যৌক্তিকতা নিয়ে জানতে চাইলে বিএফআইইউর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম এহসান খবরের কাগজকে বলেন, ‘আমরা তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে কাজ করি।’
এদিকে বিএফআইইউ চিঠিতে বাহাউদ্দিন নাছিম, হাসানুল হক ইনু ও বিপ্লবের পূর্ণাঙ্গ নামসহ জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্য দেওয়া হয়েছে। তাদের হিসাব সংশ্লিষ্ট লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
জব্দের তালিকায় থাকা ব্যাংক হিসাবগুলোতে ৩০ দিন কোনো ধরনের লেনদেন করা যাবে না। এ মেয়াদ প্রয়োজনে দফায় দফায় বাড়াতে পারে বিএফআইইউ।
ব্যাংক হিসাব জব্দ করার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারায় বর্ণিত নির্দেশ প্রযোজ্য হবে বলে বিএফআইইউ চিঠিতে উল্লেখ করেছে।