গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলমগীর হোসেনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানে তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমির তথ্য পাওয়া গেছে। যার বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির/ব্যক্তিদের মালিকাধীন ওই স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার শঙ্কা রয়েছে বিধায় তা জব্দ করা প্রয়োজন।
এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়। ওই সব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।