স্ত্রী-সন্তানসহ রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও অ্যালায়েন্ট এনার্জি সল্যুশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী হাসান শরীফসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- ওবায়েদ উল্লাহর স্ত্রী মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান এবং মেয়ে তাসমিয়া তারাল্গুন নাওমী।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদ ও পরিবারের অপর চার সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন। ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থগ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করেন, যা অর্থপাচার ও মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত।
যেহেতু তার দুই সন্তান দেশত্যাগ করেছেন, তাই তিনিসহ তার পরিবারের অন্য সদস্যরাও দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওবায়েদ ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
অন্যদিকে দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এলায়েন্ট এনার্জি সল্যুশনের এমডি হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্ত কাজী হাসানের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
জলিল উজ্জ্বল/অমিয়/