সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। এসব স্থাবর সম্পদের মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান ভূমিমন্ত্রীর নামে যুক্তরাজ্যে থাকা এসব স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়েছে।
এতে আরও বলা হয়, উদ্ধার করা নথিপত্রের একটি জব্দ তালিকা যথাযথভাবে প্রস্তুত করা হয়। পরবর্তী সময়ে জব্দ করা আলামত চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসে সেগুলো পর্যালোচনা, পরীক্ষা এবং ডকুমেন্টারি বিশ্লেষণের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়। উদ্ধার করা রেকর্ডগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল চুক্তি, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানি রশিদ, বিভিন্ন চেক, ভাউচার এবং সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বিদেশে সম্পত্তি ক্রয় সম্পর্কিত অন্যান্য নথিপত্রের মূল কপি। উদ্ধার করা তথ্য ও নথিপত্রের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অধিগ্রহণ করা সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরী, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব স্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য জব্দ করা একান্ত প্রয়োজন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠার পর তাকে আর দেখা যায়নি।
উজ্জ্বল/এসজি/