রাজশাহীর বাগমারা উপজেলার বহুল আলোচিত ‘সর্বহারা’ মনোয়ার হোসেন বাবু হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামসুল আল-আমীন এ রায় ঘোষণা করেন।
মামলাটিতে বিভিন্ন সময়ের একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আসামি ছিলেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার নাম অন্তর্ভুক্ত ছিল। এছাড়া জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা কয়েকজনের নামও অভিযোগপত্রে ছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৪ সালের ১ এপ্রিল ‘সর্বহারা নিধন’ অভিযানের নামে বাগমারার একটি মাঠ থেকে মনোয়ার হোসেন বাবুকে ধরে পলাশি গ্রামে নিয়ে গিয়ে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্তরা ‘বাংলা ভাই জিন্দাবাদ’ স্লোগান দিয়ে জেএমবির একটি ক্যাম্পের দিকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মহসিন আলী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ৫০ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। বিচারাধীন অবস্থায় ছয়জন মারা যান। বাকি ৪৪ জনের মধ্যে ১২ জন দীর্ঘদিন পলাতক ছিলেন এবং ৩২ জন নিয়মিত আদালতে হাজিরা দিতেন। রায় ঘোষণার সময় আদালতে ৩০ জন আসামি উপস্থিত ছিলেন, তবে দুলুসহ দুইজন অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম জানান, মামলায় মোট ১৬ জনে সাক্ষ্য গ্রহণ করা হলেও কোনো সাক্ষীই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি। ফলে আদালত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। তিনি এই রায়কে সঠিক বলে মন্তব্য করেন।
নাঈম/