ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপ উন্মাদনায় খবরের কাগজে প্রতিদিন ৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার
Nagad desktop

ভাঁড় নামের বিপন্ন এক প্রজাপতি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
ভাঁড় নামের বিপন্ন এক প্রজাপতি
মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনের আদমপুর বিটে একটি পুরুষ ভাঁড় প্রজাপতি। ছবি- লেখক

বিরল কিছু পাখি-প্রাণীর খোঁজে আমিসহ ছয়জনের একটি দল সিলেট-মৌলভীবাজারের উদ্দেশে রওনা হই এ বছরের ২২ জানুয়ারি রাতে। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় সিলেট পৌঁছাতে ৪-৫ ঘণ্টা দেরি হয়ে গেল। ফলে রোদে পুড়ে কানাইঘাট-হরিপুরের বড় বিলে যেতে হলো। যদিও বিরল সারস পাখিগুলোর দেখা পেলাম, কিন্তু শীতের দুপুরের প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়লাম। সন্ধ্যায় সিলেটে ফিরে পক্ষীবিদ আব্দুল মজিদ শাহ শাকিল এবং পাখি ও প্রজাপতিপ্রেমী শাহাদাত ও তানিমকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে বাসে চড়লাম। রাতটা বন্ধুপ্রতিম রেজা ভাইয়ের মেরিনা হোটেলে কাটিয়ে সকালে কমলগঞ্জের আদমপুর বিটের উদ্দেশে রওনা হলাম। 

সকাল ৯টায় আদমপুর পৌঁছে দ্রুত বনে ঢুকে গেলাম। বনের ছড়া ও অন্যান্য স্থানে প্রায় ১ ঘণ্টা ঘোরাঘুরি করে ২০ প্রজাতির পাখি-প্রাণী-প্রজাপতির ছবি তুললাম। এরপর সামনের দিকে এগিয়ে যেতেই অন্ধকারের মধ্যে ঝোপালো ছোট্ট একটি গাছে কমলা-বাদামি বা লালচে-বাদামি রঙের একটি প্রজাপতিকে বসে থাকতে দেখলাম। দ্রুত গাছের কাছে গেলাম। খানিকটা ঝুঁকে পড়ে পাতার ওপর তাকাতেই প্রজাপতিটিকে চিনে ফেললাম। অতি বিরল এই প্রজাপতিটিকে আমি বাদে বাকি তিনজন জীবনে প্রথম দেখল। প্রয়াত বন্যপ্রাণী আলোকচিত্রী মুনির খান ও তানিয়া খান দম্পতি এ দেশে অতি বিরল প্রজাপতিটিকে প্রথম দেখেন। তাদের সঙ্গে গিয়ে দেশের চতুর্থ ব্যক্তি হিসেবে ২০১৩ সালের এপ্রিলের এক সকালে এই বনেই প্রজাপতিটিকে প্রথম দেখেছিলাম। লালচে-বাদামি অদ্ভুতদর্শন প্রজাপতিটিকে প্রথম দেখার পর যতবারই আদমপুর ও আশপাশের বনে গিয়েছি, ততবারই ওর খোঁজ করেছি। দ্বিতীয়বার প্রজাপতিটিকে দেখি ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর। দীর্ঘ প্রায় ১০ বছর পর ওকে আবার দেখে মনটা খুশিতে নেচে উঠল। ২০১৬ সালে দেখা প্রজাপতিটি ছিল স্ত্রী আর এবারেরটি পুরুষ। 

মৌলভীবাজারের আদমপুর বন বিটে দেখা অতি বিরল ও অদ্ভুতদর্শন এই প্রজাপতিটি এ দেশের এক বিপন্ন প্রজাপতি। এর কোনো বাংলা নাম নেই। ইংরেজি নাম হারলেকুইন বা অরেঞ্জ হারলেকুইন। ছোট্ট, বর্ণিল ও অদ্ভুতদর্শন প্রজাপতিটি হারলেকুইন নামটি পেয়েছে ইতালিয়ান একটি পোশাকের প্যাটার্ন থেকে। ইংরেজি নামের অনুবাদে বাংলায় একে ভাঁড় নামে ডাকা যায়। রিওডিনিডি (Riodinidae) গোত্রভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Taxila haquinus. বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও ইন্দোনেশিয়ায় প্রজাপতিটির দেখা মেলে। 

প্রসারিত অবস্থায় ভাঁড় প্রজাপতির এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত গড় দৈর্ঘ্য ৪৫ মিলিমিটার। স্ত্রী-পুরুষের বর্ণে পার্থক্য থাকে। ডানা খোলা অবস্থায় দেহের ওপরটা দেখা যায়। পুরুষের ডানার ওপরটার মূল রং গাঢ় বাদামি। সামনের ডানার অগ্রভাগে হালকা লালচে-বাদামি আভা রয়েছে। স্ত্রীর মূল রং গাঢ় লালচে-বাদামি হলেও তাতে কালো ফোটা রয়েছে। তা ছাড়া সামনের ডানার অগ্রভাগে সাদা বন্ধনী বা পট্টির মতো থাকে। অন্যদিকে ডানা বন্ধ থাকলে দেহের নিচের অংশ দেখা যায়। স্ত্রী-পুরুষ উভয়েরই মূল রং লালচে-বাদামি। ডানায় অসংখ্য সাদা ও কালো ধাতব ফোটা দেখা যায়। কালো ফোটাগুলোর প্রান্ত ধাতব সাদা বা রুপালি। উভয়ের সামনের ডানার প্রান্তে সাদা পট্টি থাকলেও স্ত্রীটি অত্যন্ত পুরু ও সুস্পষ্ট। ডানার মতো মাথা, ধড় ও পিঠের রং গাঢ় বা লালচে-বাদামি। বুক ও পেট কিছুটা ফ্যাকাশে। চোখ ও পা লালচে-বাদামি। শুড়ে রয়েছে অসংখ্য লালচে-বাদামি ও কালচে রিং। 

প্রজাপতিটিকে এ দেশে এখন পর্যন্ত মৌলভীবাজারের কমলগঞ্জ ও কক্সবাজারের চেরিঙ্গা এলাকায় দেখা গেছে। মিশ্র চিরসবুজ বনের গহিনে বসবাসকারী প্রজাপতিটি সমুদ্রপৃষ্ঠের ১০০-৪০০ মিটার ওপরে ছড়া বা পানিপ্রবাহের কাছের ঝোঁপঝাড়ে থাকে। দিবাচর পতঙ্গটি সচরাচর একাকী বিচরণ করে। গহিন বনের ছায়াঘেরা স্থান পছন্দ করে। পাতার ওপরের দিকে বসে আধা খোলা ডানায় ঝাঁকুনি দিয়ে হেঁটে বেড়ায়। ফুলের রস, পরাগরেণু ও পাকা বা পচা ফল প্রিয় খাবার। ভূমির কাছাকাছি থেকে মাঝারি উচ্চতায় দ্রুত উড়তে পারে। 

স্ত্রী বিভিন্ন প্রজাতির প্যাশান ফুল গাছের (পোষক গাছ) পাতার নিচের দিকে একটি করে ডিম পাড়ে। সঙ্কু (Conical) আকৃতির উজ্জ্বল ডিমগুলো হালকা হলদে হয়। তিন-চার দিনে ডিম ফুটে হালকা হলদে রঙের কণ্টকময় শূককীট বের হয়। পাঁচবার খোলস পাল্টে শূককীট ১৫-২১ দিনে মূককীটে রূপান্তরিত হয়। এ সময়ের মধ্যে এর দেহের রং হালকা হলদে থেকে সবুজাভ হয়ে যায়, সঙ্গে থাকে লালচে আভা। মূককীটের রং সবুজ, যা শেষ অবস্থায় কালচে হয়। ছয় থেকে সাত দিন পর মূককীটের খোলস কেটে নতুন প্রজাপতি বেরিয়ে আসে। জীবনচক্র অর্থাৎ ডিম থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি হতে ২৪-৩২ দিন লাগে। 

লেখক: পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ
ও অধ্যাপক, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

চমৎকার জয়ফুল মথ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
চমৎকার জয়ফুল মথ
খুলনার দৌলতপুরে সম্প্রতি দেখা জয়ফুল মথ।

জ্যৈষ্ঠ মাসে সাধারণত প্রচণ্ড গরম পড়ে। তবে এ বছরের ৩০ মে ভোরবেলাটা অন্যরকম লাগছিল। মেঘমাখা রোদ্দুর আর বিস্তীর্ণ পাটখেতের গাছগুলোর হাওয়া, তার পাশের আইল দিয়ে হেঁটে যাওয়ার সময় যেন এক আলাদা প্রশান্তি পাচ্ছিলাম। পাটগাছগুলো আমার বুক বা মাথা সমান লম্বা হয়েছে, কোনো কোনো গাছের ডগার পাতাগুলো ডিঙি নৌকার মতো কুঁকড়ে গেছে।

কাছে গিয়ে কিসে এমন হলো তা পরখ করতে দাঁড়িয়ে পড়লাম। অনুমান, পাটের লাল মাকড়ই পাটগাছের এ দশা করেছে। তবু না দেখে বিশ্বাস নেই। পাতা উল্টে দেখার চেষ্টা করলাম। নাহ্, মাকড়রা এত ক্ষুদ্র হয় যে সেগুলো আতশ কাচ দিয়ে দেখা ছাড়া বোঝার উপায় নেই। কিছু সাদাটে আঁশের মতো দেখতে পেলাম। তাতে অনুমান সত্য বলে মনে হলো। আরও কোনো পোকামাকড় পাটগাছে পাই কি না, তা খুঁজতে লাগলাম। 

ডগায় একটি বড় বাদামি রঙের কেড়ি পোকার দেখা পেলাম। ওরা বোধ হয় ভালো দেখতে পায়। কিছুতেই নিজেকে আড়ালে রাখতে ছাড়ছে না। আমি যতই তার কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করি, ততই সে স্থান বদলায়। ফোকাসই করতে পারছিলাম না। দু-একটি ছবি তুলে শেষে হাল ছাড়তে হলো। কেননা ওটা হঠাৎ টুপ করে লাফ দিয়ে নিচে পড়ে হারিয়ে গেল। ওটাকে খুঁজতে গিয়েই খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিশাল পাটখেতের মধ্যে ঘাগড়া আগাছার পাতার ওপর দেখতে পেলাম আরেকটি পোকাকে।

পোকাটি এত্ত ছোট যে কেউ ভালো করে খেয়াল না করলে তাকে দেখাই যায় না। লম্বা আধা সেন্টিমিটারের চেয়ে একটু বেশি হতে পারে, তবে এক সেন্টিমিটার হবে না। কিন্তু পোকাটির রং-রূপ আমাকে মুগ্ধ করল। এত ক্ষুদ্র একটি পোকার দেহে প্রকৃতির কোন শিল্পী এত রূপ দিয়েছে? বিস্ময়কর! 

কালচে বাদামি পাখার ওপর হলদে-সাদা কয়েকটি ফোঁটা, প্রাকৃতিক রংগুলোর এমন সামঞ্জস্যপূর্ণ মিল বা ম্যাচিং ফুল, কুঁড়ি ও পাতায় বহুবার দেখেছি। কিন্তু পোকার ক্ষেত্রে এটি যেন আমার কাছে আরও বেশি বিস্ময়কর বলে মনে হয়।

জানি যে ওদের এই আকর্ষণীয় রং ও চেহারা রাখতে হয় সাথিকে মিলনে আমন্ত্রণের জন্য, কেউ কেউ আবার নেচে নেচে সে আমন্ত্রণ জানায়, আবার কেউ আমন্ত্রণ জানায় গা থেকে বিশেষ একধরনের ঘ্রাণ বাতাসে ছেড়ে। মেয়েরা যেমন সাজুগুজুর পর পারফিউম স্প্রে করে বের হয়, অনেকটা তেমনই। পোকাদের এ বিস্ময়কর জগৎ দেখা ও অনুভব করার মজাটাই আলাদা।

যাহোক, নিচু হয়ে পাটখেতের মধ্যেই বসে পড়লাম সে নকশাদার ডানার সুন্দরীকে ভালো করে দেখার আশায়। পাখার ওপরে ফোঁটাগুলোর মধ্যে তিনটি একটু বড় ও পাখার ওপরের দিকে ত্রিভুজাকারে সজ্জিত, পাখার পেছনের দিকে আবার কয়েকটি ফোঁটা সারি করে সাজানো। পাখার পেছন প্রান্ত ঝালরের মতো। এবার এ পোকাটি আর আমাকে নিরাশ করল না, স্থির হয়ে ঘাগড়া পাতার ওপর বেশ কিছুক্ষণ বসে রইল। আমিও আনন্দের সঙ্গে ওর বেশ কিছু ছবি তুলে নিলাম।

পোকাটির চেহারা দেখে একবার ভেবেছিলাম স্পিটল বাগ বা থুতু পোকা। কিন্তু আকার ও পাখার রঙের সঙ্গে থুতু পোকার কিছুটা মিল থাকলেও পাখার দাগ, মাথা, মুখ–এসবের মিল নেই। তাই বাড়ি ফিরে বসলাম সেই অচেনা পোকাটিকে চেনার জন্য।

গুগল পণ্ডিতের সাহায্যে জানতে পেলাম ওর বংশ-পরিচয়, এমনকি নামও। ওই খুদে পোকাটি সাইথ্রিডিডি গোত্রের ইরেটমোচেরা গণের একটি মথজাতীয় পোকা, বর্গ লেপিডোপ্টেরা। প্রজাতিগত নাম পেলাম Eretmocera impactella, ইংরেজি নাম জয়ফুল মথ বা ফ্লাওয়ার মথ। 

জানা গেল এটি একটি ক্ষতিকর পোকা, বিশেষ করে ডাঁটা ও লালশাকের। বথুয়া, হেলেঞ্চা, নটেশাকও এ পোকার আশ্রয়দাতা। বহুদিন আগে একবার ভুট্টাপাতায় একে চোখে পড়েছিল, জানি না সে গাছের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না। এ পোকার বাচ্চারা এসব গাছের পাতা খায়। খাওয়ার আগে মুখের লালার সুতো দিয়ে পাতা মুড়ে ফেলে, তার ভেতরে বসে কুরে কুরে পাতা খায়। চলার সময় ওরা বেশ কায়দা করে হাঁটে। সামনে যেতে সমস্যা মনে হলে হামাগুড়ি দিয়ে হাঁটার মতো খানিকটা পেছনে যায়, আবার সামনে আসে। ওদের প্রায়ই মিলনরত অবস্থায় পাতার ওপর বসে থাকতে দেখা যায়।

এ পোকাটি দেখা যায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান ও ওমানে এ পোকা আছে। এ দেশে এটি একটি আবাসিক পোকা, বিক্ষিপ্তভাবে এদের দেখা যায়। আলোতে এরা প্রবলভাবে আকৃষ্ট হয়। দিনের বেলায় এরা চলাচল করে।

রমনার বন আসরা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:২৯ এএম
রমনার বন আসরা
রমনা উদ্যানে সম্প্রতি ফুটেছে বন আসরা ফুল। ছবি: লেখক

রাজধানীর রমনা উদ্যানে দুটি গাছ আছে, যা বেশ বড়সড়, অথচ তা জবাগোত্রীয়। ফুলের গড়নে জবার সঙ্গে মিল থাকলেও অন্য আর কিছুর সঙ্গেই মিল নেই। গাছ দুটি হলো কাশিপালা ও বন আসরা। গাছ দুটির দিকে তাকালেই নিসর্গপুত্র দ্বিজেন শর্মার কথা মনে পড়ে।

রমনা উদ্যানে তিনি সিলেটের পাহাড় থেকে নানা প্রজাতির গাছের চারা তুলে এনে লাগাতেন। গাছগুলোর বেশির ভাগই কিছুদিন পর যত্নের অভাবে বা অরক্ষিত থাকায় মরে যেত, কিছু গাছ দাঁড়িয়ে যেত। সেসব গাছ বৃক্ষ হয়ে এখন তাঁর সেসব স্মৃতির কথা কইছে। বন আসরা গাছটির অবস্থান রমনা উদ্যানের লেকের পাড়ে। লেক ভ্রমণের বোটগুলোকে ওখান থেকে ছাড়া হয়। বছর দশেকের বেশি হবে।

রমনায় একদিন দ্বিজেন শর্মার সঙ্গে কয়েকজন মিলে হেঁটে হেঁটে গাছ দেখতে দেখতে এই বন আসরা গাছটিকে চোখে পড়েছিল। গাছের গোড়ার দিকটা আগুনে ঝলসে গেছে, গোড়া থেকে গজানো ডালপালার পাতাগুলোও পুড়ে গেছে। রমনা তখন এখনকার মতো রূপসী ছিল না। সেই আহত ও দগ্ধ গাছটির কাছে দাঁড়িয়ে তিনি হাহাকার করে উঠেছিলেন, বলেছিলেন, ‘গাছের সঙ্গে এমন অন্যায় কেউ করে? গাছ তো মায়ের মতন, তাকে কেউ এভাবে পোড়ায়? জানি না, কোন হতভাগার দল এখানে কী রেঁধে বনভোজন করে গেছে! এখনো সেই গাছটির কাছে গেলে সেসব কথা মনে পড়ে।

বুনোগাছ হলেও বন আসরার এই একটি গাছই রমনা উদ্যানে আছে। কিন্তু কখনো এর অনিন্দ্য রূপসী মেমসাহেবের মতো ফর্সা ফুলগুলোকে দেখার সুযোগ হয়নি। এ বছরও সে গাছে ফুল ফুটেছে। গত ৭ জুন সকালবেলায় সে গাছটিতে ফুলের দেখা পেলাম। পরপর দুদিনে আরও বেশি ফুল দেখলাম। একটি দুটি না, ডালে ডালে অনেক ফুল ফুটেছে। কুঁড়িগুলো দেখে মনে হলো কয়েকদিনে আরও ফুল ফুটবে। আহা, ফুল কী চমৎকার! ঘিয়া রঙের বড় বড় মাইকের মতো ফুল, ফুলের বোঁটার কাছে ঝালরের মতো হালকা সবুজ অঙ্গ, বৃতিগুলো যেন ছিল কলার খোসা। এদিক দিয়ে মুচকুন্দ ফুলের সঙ্গে এর কিছুটা মিল আছে। প্রচুর মৌমাছি উড়ছে ফুলে।

বন আসরা এ গাছের স্থানীয় বাংলা নাম, ইংরেজি নাম Indian Kapok ও উদ্ভিদতাত্ত্বিক নাম  Pterospermum semisagittatum ও গোত্র মালভেসি। প্রজাতিগত নামের প্রথমাংশ টেরোস্পার্মাম–এর অর্থ ডানাযুক্ত বীজ এবং শেষাংশের অর্থ আংশিক বর্শার ফলার মতো আকৃতিবিশিষ্ট পাতা। বন আসরা বনের গাছ, এ দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের অরণ্যে প্রাকৃতিকভাবে জন্মে। রমনা উদ্যানের গাছটি মাঝারি আকারের বৃক্ষ প্রকৃতির।

আবহাওয়া ও অবস্থানভেদে গাছ পর্ণমোচী বা চিরসবুজ হতে পারে; গাছ ১৫ থেকে ২৫ মিটার লম্বা হতে পারে। গোড়া থেকে বেশ খানিকটা অংশের কাণ্ডে কোনো শাখা থাকে না। বীজ থেকে চারা হয়। পাতাগুলো কিছুটা ছুরি বা তলোয়ারের আগার মতো, পাতার ওপরের পিঠ সবুজ ও কিছুটা মসৃণ হলেও নিচের পিঠ রূপালি সবুজ ও খসখসে। এর কাণ্ড সোজা ও শক্ত হয়। গুড়ি বা কাণ্ডে বাকল ওঠা ছোপ ছোপ দাগ দেখা যায়।

বন আসরার কুঁড়িগুলোও বেশ ব্যতিক্রম, লম্বা খাঁজযুক্ত ক্ষেপণাস্ত্রের মতো। গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ফুল। এর ফুলগুলো রাতের বেলা ফোটে, যার সাদা পাপড়ি ও হালকা সবুজ বৃতি দেখতে অসাধারণ লাগে। ভোরে ফুলগুলো মলিন হতে শুরু করে। ফুলগুলো সুগন্ধযুক্ত এবং নিশাচর পাখি ও কীটপতঙ্গকে আকৃষ্ট করে।

প্রাচীনকাল থেকেই এর শক্ত কাঠ গৃহনির্মাণে ব্যবহৃত হয়ে আসছে। এর লালচে-ধূসর কাঠ ভারী, বেশ শক্ত ও টেকসই। এটি কুড়ালের হাতল তৈরি করতে ও ঐতিহ্যবাহী স্থাপত্যে বাড়ির স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়। এই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে চিবানোর জন্য এবং আঁশ ও কাঠের উৎস হিসেবে ব্যবহারের জন্য বন্য পরিবেশ থেকে এ গাছ সংগ্রহ করা হয়। সুপারির বদলে পানের সঙ্গে চিবানোর জন্য এর ছাল ব্যবহার করা যায়। ডালের বাকল খুব শক্ত, টেনে ছেঁড়া বা ছুরি দিয়ে সহজে কাটা যায় না।

এজন্য বন আসরার বাকলের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের দড়ি ও তন্তু তৈরি করা হয়। বনজীবীরা বন থেকে কাঠ কেটে আঁটি বাঁধার জন্য এ গাছের বাকল ব্যবহার করে। এটি একটি ঔষধি উদ্ভিদ, যা জ্বর, কাশি, মাথাব্যথা, চর্মরোগ ও প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। আধুনিক ফার্মাকোলজিক্যাল গবেষণায় আরও দেখা গেছে যে, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং মেজাজ ঠিক রাখতেও সহায়ক হতে পারে। 

লেখক: কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ

কুরমা অভয়াশ্রমের হলদে-চোখ ছাতারে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:২৮ এএম
কুরমা অভয়াশ্রমের হলদে-চোখ ছাতারে
মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগানের গুল্মের ডালে শেষ বিকেলে সংকটাপন্ন হলদে-চোখ ছাতারে পাখি। ছবি: লেখক

হলদে চোখের বিরল ও সংকটাপন্ন পাখিটিকে প্রথম দেখি সাত বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের এক ভুট্টাখেতে। কিন্তু তার অতিরিক্ত চঞ্চলতা ও দ্রুত চলে যাওয়ার কারণে সেদিন ছবি তুলতে পারিনি। দুই বছর পর পাখিটিকে ফের দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের এক চিলতে ঘাসবন ও ঝোপঝাড়ে। এরপর থেকে অন্তত একবছর পাখিটিকে কুরমায় দেখেছি, প্রায় প্রতিবার যখন ওখানে গিয়েছি। বহু ছবি তুলেছি ওর। কিন্তু হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাওয়ায় সেসব ছবি হারিয়ে গেছে চিরতরে। কুরমার সেই জায়গাটি এখন এক চিলতে অভয়ারণ্য। নাম কুরমা পক্ষী অভয়াশ্রম। তবে অভয়াশ্রম হলেও বর্তমানে ওখানে তেমন একটা পাখির দেখা মিলছে না। চা-বাগান কর্তৃপক্ষ ঝোপঝাড় কেটে ফেলায় ভয় পেয়ে পাখিরা সেই যে চলে গেল, এখন পর্যন্ত আর ফিরে এল না, বিশেষ করে পরিযায়ী পাখিগুলো। দেশি আবাসিক পাখিদের সংখ্যাও কমে গেছে। এ বছরের ২৪ জানুয়ারি রাজকান্দির সংরক্ষিত বনের আদমপুর বিটে পাখি পর্যবেক্ষণ শেষে কুরমার বর্তমান অবস্থা দেখার জন্য বিকেলে সেখানে গিয়েছিলাম।
 
আকারে ক্ষুদ্র হলেও একসময় কুরমা পক্ষী অভয়াশ্রমটি ছোট ছোট বীজভুক পাখিদের স্বর্গরাজ্য ছিল। লাল মুনিয়া, লালগলা ফিদ্দা, চিনা লালগলা ফিদ্দা, বঘেরি, কালোমাথা বঘেরি, হলদেবুক বঘেরি, খয়েরিকান বঘেরি, মদনটাক এবং হলদে চোখের পাখিসহ প্রায় আশি প্রজাতির পাখি দেখেছি ওখানে। কিন্তু জানুয়ারিতে ওখানে গিয়ে ২-৩ প্রজাতির বেশি পাখি দেখলাম না। তাই ওখান থেকে আরেকটু সামনের দিকে বাগানের সবচেয়ে উঁচু স্থানটিতে গেলাম। সেখানে ছোট যে ঝোপটি রয়েছে, ওখানে বুলবুলি, ফিঙ্গে, বাদামি কসাই ও অল্প কিছু সাধারণ পাখি দেখলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় হয় হয়। এমন সময় কোত্থেকে যেন হলদে চোখের পাখিটি এসে হাজির হলো। তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এই সময়ের জন্য ৪-৫ বার ক্লিক করতে পারলাম। ছবি বেশি তুলতে না পারলেও বিরল পাখিটিকে যে ওখানে দেখলাম, তাতেই আমি খুশি। কারণ এর আগে বেশ কয়েকজন বার কয়েক গিয়েও পাখিটির দেখা পাননি। সন্ধ্যা হয়ে এল, তাই সঙ্গে আনা সিএনজিচালিত অটোরিকশায় চেপে পাখিপ্রেমী রূপকের দোকানে জিলাপি খাওয়ার জন্য চলে গেলাম। 

এতক্ষণ বিরল ও সংকটাপন্ন যে পাখিটির কথা বললাম, সে এদেশের এক প্রজাতির আবাসিক পাখি হলদে-চোখ ছাতারে। বাগেরহাট জেলায় পাখিটি ‘সাদা মইনে’ নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গে বলে গুলাবচশম। ওর ইংরেজি নাম Yellow-eyed Babbler। প্যারাডক্সওরনিথিডি (Paradoxornithidae) গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Chrysomma sinense (ক্রাইসোমা সাইনেনস)। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাখিটির দেখা মেলে।

হলদে-চোখ ছাতারের দেহের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার। ওজন ১৯ গ্রাম। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। দেহের উপরটা লালচে-বাদামি। থুতনি-গলা-বুক সাদা; পেট-তলপেট হলদেটে সাদা। শক্ত মোটা ঠোঁটটি কালো। চোখের চারদিকের বলয় কমলা হলেও মনি হলুদ। পা ও পায়ের পাতা হলুদ। লেজ লম্বা। অপ্রাপ্তবয়ষ্ক পাখির পিঠ বেশি লালচে ও ঠোঁট বাদামি।  

প্রজাতিটি মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, তবে খুলনা বিভাগ ও উত্তরবঙ্গেও কোথাও কোথাও দেখা যায়। সচরাচর জলাসংলগ্ন লম্বা ঘাস ও ঝোপঝাড়ে এরা বাস করে। বেশ লাজুক। জোড়ায় বা ছোট দলে ঝোপঝাড় বা গাছের গোড়ার দিকে আড়ালে-আবডালে ঘুরে বেড়ায়। উঁচু ঘাসের আড়ালে খাবার খোঁজে। কীটপতঙ্গ, শুককীট, রসালো ফল ও ফুলের রস খায়। সুমধুর কণ্ঠে ‘চিপ-চিপ-চিপ…’ শব্দে ডাকে।

জুন থেকে নভেম্বর প্রজননকাল। এ সময় ভূমির কাছাকাছি আখ, পাট বা অন্যান্য ঘাসের কাণ্ডে ঘাস দিয়ে গোলাকার বাসা বানায়। লালচে-বাদামি ছিটছোপসহ ঘিয়ে-সাদা রঙের ৩ থেকে ৫টি ডিম পাড়ে। ডিম ফোটে ১৫-১৬ দিনে। ছানারা ১৩ দিন বয়সে উড়তে শিখে ও বাসা ছাড়ে। আয়ুষ্কাল ৫ থেকে ৮ বছর। 

লেখক: পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ এবং অধ্যাপক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

শখ থেকে স্বাবলম্বী গৃহবধূ, ঘরের ছাদ যেন ক্যাকটাস রাজ্য

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
শখ থেকে স্বাবলম্বী গৃহবধূ, ঘরের ছাদ যেন ক্যাকটাস রাজ্য
জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূ কারিশমা আমরিন রুনার ব্যতিক্রমী ছাদবাগানে ক্যাকটাস ও সাকুলেন্ট দেখছেন দর্শনার্থীরা। ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের পাঁচবিবিতে ইউটিউব দেখে ব্যতিক্রমী এক ছাদবাগান করেছেন গৃহবধূ কারিশমা আমরিন রুনা। তার এই শখের বাগানটি এখন বিরল গাছের এক বিশাল সাম্রাজ্য হয়ে উঠেছে। তার ছাদবাগানে এখন রয়েছে প্রায় হাজার প্রজাতির ক্যাকটাস, সাকুলেন্ট ও দৃষ্টিনন্দন ইনডোর প্ল্যান্ট। শখের বশে শুরু করলেও তিনি এখন একজন সফল উদ্যোক্তা। স্থানীয় কৃষি বিভাগ তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, পাঁচবিবি রেলস্টেশন রোডের বাসিন্দা ইমন হোসেনের স্ত্রী গৃহবধূ কারিশমা আমরিন রুনা। তিনি স্থানীয় একটি স্পেশাল চাইল্ড বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। করোনা মহামারির সময় তার স্কুলটি বন্ধ হয়ে যায়। সেই ঘরবন্দি সময়ে ইউটিউব দেখে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে নানা জাতের ক্যাকটাস সংগ্রহ করেন তিনি। এরপর বাড়ির ছাদে ছোট পরিসরে শুরু করেন ছাদবাগান। সংসারের কাজের পাশাপাশি তিনি বাগানের যত্ন নিতেন।

ধীরে ধীরে দেশের বিভিন্ন জায়গা থেকে বিরল প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংগ্রহ করেন রুনা। এখন তার পুরো ছাদ জুড়ে বিভিন্ন ধরনের পাতাবাহার, লতাবাহার, বনজ ও ফলজ গাছের সামরোহ। তবে হাজার প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্টই মানুষের নজর কাড়ছে বেশি। প্রতিদিন অনেকে এই বাগান দেখতে আসেন, কেউ কেউ আসেন গাছ কিনতে। পাশাপাশি তিনি অনলাইনেও গাছ বিক্রি করে ভালো লাভ করছেন। তাকে দেখে এখন অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বাড়াতেও এই উদ্যোগ ভূমিকা রাখছে।

পাঁচবিবি পৌর শহরের চামড়া গুদাম এলাকার শবনম আরা সানি বলেন, ‘আমি কারিশমা আমরিন রুনা আপুর ফেসবুক পেজে যোগাযোগ করে কয়েকটা ক্যাকটাস গাছ কিনেছি। পরে বাগান দেখার আগ্রহ থেকে এখানে এসেছি। সাধারণত ছাদবাগানে ফুলের গাছ দেখা যায়। কিন্তু এখানে এসে অনেক রকম ক্যাকটাস দেখলাম। আমার খুব ভালো লেগেছে।’

স্টেশন রোড এলাকার আরজু আরা শাম্মি বলেন, ‘এই বাগানে এসে নানা প্রজাতির ক্যাকটাস গাছ দেখলাম। এসব সাধারণত রংপুর, রাজশাহীতে পাওয়া যায়। কিন্তু এখান থেকে কিনতে পেরে আমি অনেক খুশি। রুনা আপা গৃহবধূ হয়েও উদ্যোক্তা হয়ে আয় করতে পারছেন। আমারাও এখান থেকে শিখে নিজে এমন উদ্যোগ নিতে পারি।’

মালঞ্চা এলাকার সাব্বির হোসেন বলেন, ‘এই ছাদবাগান দেখে আমি মুগ্ধ। এখানে এত সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যে সবার চোখ জুড়িয়ে যাবে। আমার জীবনে একসঙ্গে এত প্রজাতির ক্যাকটাস আগে কখনো দেখিনি। আমি নিজেও দুটি গাছ কিনেছি।’

উদ্যোক্তা কারিশমা আমরিন রুনা বলেন, ‘করোনা মহামারির সময় বাসায় বসে থাকার সময় শখের বশে ইউটিউব দেখে কয়েকটি ক্যাকটাস গাছ কিনে ছাদবাগান শুরু করি। এরপর দিন দিন বিভিন্ন জায়গা থেকে নানা প্রজাতির গাছ কিনে বাগান বড় করি। এখন আমার এখানে হাজার প্রজাতির ক্যাকটাস, সাকুলেন্ট ও সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে। এ থেকে আমার মাসে মোটামুটি ভালো আয় হয়। অনলাইনে যোগাযোগ করে অনেকে কেনেন, আবার কেউ কেউ এখানে এসেও নিয়ে যান।’

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা সচরাচর দেখি ছাদবাগানে শাক-সবজি বা ফুলের চাষ হয়। কিন্তু পাঁচবিবির গৃহবধূ রুনা তার ছাদে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসসহ বিরল প্রজাতির গাছ লাগিয়েছেন। ছাদবাগান করেও যে স্বাবলম্বী হওয়া যায়, রুনা তার দৃষ্টান্ত উদাহরণ। আমরা উদ্যোক্তাকে বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকি। নতুন করে কেউ যদি এমন বাগান করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সার্বিক সহযোগিতা করব।’

চমৎকার ফুল ক্রোসান্দ্রা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩২ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:০১ এএম
চমৎকার ফুল ক্রোসান্দ্রা
ছবি: ময়মনসিংহের কাচারিঘাটের নার্সারিতে ক্রোসান্দ্রা ফুল। গত ৫ জুন ছবিটি তোলা হয়

আমাদের চারপাশের পরিচিত চমৎকার ফুলগুলোর মধ্যে একটি হলো ক্রোসান্দ্রা। এর বৈজ্ঞানিক নাম Crossandra infundibuliformis, এটি Acanthaceae পরিবারের উদ্ভিদ। মূলত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার আদি বাসিন্দা হলেও বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এর উজ্জ্বল ও আকর্ষণীয় রঙের কারণে বাগানপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। একে ইংরেজিতে ফায়ারক্র্যাকার ফ্লাওয়ার বা পটকা ফুলও বলা হয়। 

ক্রোসান্দ্রা মূলত একটি বহুবর্ষজীবী চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ। গাছটি সাধারণত লম্বায় ১ থেকে ৩ ফুট (প্রায় ৩০ থেকে ৯০ সেন্টিমিটার) পর্যন্ত হয়ে থাকে। এর কাণ্ড সোজা, শক্ত এবং শাখা-প্রশাখাযুক্ত হয়। তরুণ অবস্থায় কাণ্ড নরম ও সবুজ থাকলেও পরিপক্ব হলে তা কিছুটা শক্ত ও ধূসর-বাদামি রং ধারণ করে।

এর পাতাগুলো গাঢ় সবুজ, চকচকে এবং বল্লমাকার (lanceolate)। পাতার কিনারাগুলো মৃদু ঢেউ খেলানো বা মসৃণ হতে পারে। পাতাগুলো কাণ্ডের বিপরীতমুখী বিন্যাসে জোড়ায় জোড়ায় সাজানো থাকে, যা ফুল ছাড়াই গাছটিকে একটি দৃষ্টিনন্দন রূপ দেয়।

ক্রোসান্দ্রার মূল আকর্ষণ হলো এর ফুল। ফুলগুলো কাণ্ডের শীর্ষে একটি খাড়া মঞ্জরিদণ্ড বা স্পাইক থেকে পর্যায়ক্রমে ফোটে। প্রতিটি ফুলের একটি দীর্ঘ নল বা টিউব থাকে, যা ওপরের দিকে এসে ৩ থেকে ৫টি পাপড়িতে ছড়িয়ে পড়ে। পাপড়ির এই গঠনটি দেখতে কিছুটা ফানেল বা হাতপাখার মতো। প্রাকৃতিকভাবে ফুলগুলো উজ্জ্বল কমলা বা জাফরান রঙের হলেও বর্তমানে হাইব্রিড জাতের হলুদ, লাল এবং হালকা গোলাপি রঙের ক্রোসান্দ্রাও দেখতে পাওয়া যায়।

ফল ছোট ও চারকোনা আকৃতির ক্যাপসুল । এই ক্যাপসুল বা বীজাধারগুলো পেকে শুকিয়ে গেলে আর্দ্রতার সংস্পর্শে হঠাৎ করে ‘পট’ করে শব্দ করে ফেটে যায় এবং বীজগুলো দূরে ছিটকে পড়ে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই এর নাম হয়েছে ‘ফায়ারক্র্যাকার ফ্লাওয়ার’। 

 শুধু সৌন্দর্য ছড়ানোই নয়, ক্রোসান্দ্রা উদ্ভিদের বেশ কিছু অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত গুরুত্ব রয়েছে। যেকোনো বাগান, বাড়ির বারান্দা বা ছাদবাগানের সৌন্দর্য বাড়াতে ক্রোসান্দ্রার জুড়ি মেলা ভার। এটি প্রায় সারা বছরই (বিশেষ করে গরম ও বর্ষাকালে) থোকায় থোকায় ফুল দেয়। টবে বা ল্যান্ডস্কেপিংয়ে বর্ডার প্ল্যান্ট হিসেবে এটি দারুণ মানিয়ে যায়। এর উজ্জ্বল রঙের ফুল মৌমাছি ও প্রজাপতিকে আকর্ষণ করে, যা বাগানের পরাগায়নে সাহায্য করে।

 দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ু ও কর্ণাটকে এই ফুল অত্যন্ত পবিত্র ও জনপ্রিয়। সেখানে একে ‘কানাকাম্বুরাম’ বলা হয়। নারীরা চুলে খোঁপা বা বেণি সাজাতে জুঁই ফুলের সঙ্গে বৈপরীত্য তৈরি করতে এই উজ্জ্বল কমলা ফুল ব্যবহার করেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় পূজা-পার্বণ ও উৎসবের মালা তৈরিতে এই ফুলের ব্যাপক বাণিজ্যিক চাহিদা রয়েছে। ফুলগুলো ছেঁড়ার পরও বেশ কয়েক দিন সতেজ থাকে। 

ক্রোসান্দ্রার কিছু ভেষজ গুণাগুণ রয়েছে। ঐতিহ্যগত চিকিৎসায় এর পাতা ও ফুলের কিছু ব্যবহার রয়েছে। এর কিছু উপাদান ব্যাকটেরিয়াবিরোধী এবং ছত্রাকবিরোধী গুণসম্পন্ন বলে মনে করা হয়। কিছু অঞ্চলে ত্বকের সাধারণ সংক্রমণ এবং ক্ষত নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। তবে যেকোনো চিকিৎসায় ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ক্রোসান্দ্রাগাছ আংশিক রোদ এবং সুনিষ্কাশিত দোআঁশ মাটি পছন্দ করে। মাটিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখলে এবং নিয়মিত ছাঁটাই করলে গাছটি দীর্ঘদিন প্রচুর ফুল দেয়। 

সহজ রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘস্থায়ী সৌন্দর্যের কারণে ক্রোসান্দ্রা যেকোনো ফুলপ্রেমীর সংগ্রহের জন্য একটি চমৎকার উদ্ভিদ।