গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে গতকাল শনিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
চট্টগ্রাম: গতকাল বিকেলে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শুরুতে উপজেলা সদরের বাসস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সারা দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটেই চলেছে।
রাজশাহী: সাংবাদিকদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। দাবিগুলো হলো, আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; তুহিনের পরিবারের দায়িত্ব নিতে হবে; সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ আইন নিশ্চিত করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত সাংবাদিকদের তালিকা নিশ্চিত করে ব্যয়ভার বহন করতে হবে। কর্মসূচিতে বক্তারা বলেন, আসাদুজ্জামান হত্যাকাণ্ড দেশের সাংবাদিকদের ওপর হয়ে যাওয়া একটি নিয়মিত ঘটনা। দেশে কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ ছিল না। আমরা নিরাপত্তা চাই।
রংপুর: দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, ‘অতীতে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিক হত্যা, খুন, নির্যাতন ও নিপীড়নের অন্যতম কারণ। বিগত সময়ের মতো অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গত দেড় মাসে দুই সাংবাদিক হত্যাসহ ৬ মাসে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নের ১৯৬টি ঘটনা ঘটেছে। সবশেষ জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার মধ্য দিয়ে দুর্বৃত্তরা প্রমাণ করেছে এ দেশে কেউই নিরাপদ নয়।’
বান্দরবান: সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও তাদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এ সময় সাংবাদিকরা বলেন, আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হন। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিচার এবং তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
বরগুনা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা হত্যা, গুম, নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।
চাঁদপুর: গতকাল বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভূঁইয়া।
নরসিংদী: জেলার স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনে বিগত দিনের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনা তুলে ধরেন। হত্যাকারীদের দ্রুত বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোরালো দাবি জানান। এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে তুহিন হত্যা পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি বলে উল্লেখ করা হয়।
ঝিনাইদহ: দুপুরে ঝিনাইদহ প্রেস ইউনিটির আয়োজনে শহরের স্থানীয় পায়রা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেস ইউনিটির সভাপতি মো. সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, কামরুজ্জামান পিন্টু, বাসদের ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ ও সামাজিক আন্দোলনের নেতা আব্দুল্লাহসহ প্রমুখ।
জয়পুরহাট: দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে কর্মসূচিতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তরা বলেন, একটা ঘটনার ভিডিও ধারণ করায় শত শত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হলো। কেউ কোনো প্রতিবাদ করল না। এ ঘটনার বিচার চাই।
সাতক্ষীরা: সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। সরকার এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে যাবতীয় দায় রাষ্ট্রকেই নিতে হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহিদ স ম আলাউদ্দীন চত্বরে জেলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে জেলার প্রায় কয়েক শ সাংবাদিক অংশ নেন।
এ ছাড়াও তুহিন হত্যার প্রতিবাদে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, সুনামগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, লালমনিরহাটের পাটগ্রাম ও কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন সাংবাদিকরা।