কলকাতায় যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে সেখানে তার লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া এ ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে ডিবি এবং দুইজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ার হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে কলকাতা পুলিশ ঢুকেছিল কিন্তু কোনো লাশ পায়নি। তবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ কয়েকজনকে ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুইজনকে গ্রেপ্তার করেছে।’
হাছান মাহমুদ বলেন, ‘তদন্ত চলছে কীভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। আমরা আমাদের হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও খোঁজ রাখছে। সুতরাং বিষয়টা তদন্তাধীন।’
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি পূর্বপরিকল্পিত হত্যা। সুতরাং এটি দুই রাষ্ট্রের কোনো বিষয় না।’
শান্তিরক্ষী মিশনে র্যাবকে নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘ডয়চে ভেলে’ প্রকাশিত এক তথ্যচিত্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনো এটি দেখিনি। আমি এটা নিজে না দেখলে এ বিষয়ে কিছু বলতে পারব না। আমাকে আগে দেখতে হবে।’
এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে আইনের অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি দুর্নীতির কারণে, এটা তো ব্যক্তিগত দায়! কোনো ইনস্টিটিউটশনাল বিষয় নয়।’
এর আগে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘পলিসি ফ্রেমওয়ার্কস ফর এনাবলিং রিনিওয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট : এ গ্লোবাল অ্যান্ড রেজিওনাল পার্সপেক্টিভ’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি এফেয়ার্সের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মো. আখতার হোসাইন, ইনফ্র্যাকচার ডেভলপমেন্ট কোম্পানির সিইও মো. আলমগীর মোর্শেদ, বাংলাদেশ সোলার রিনিওবেল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং এসআরইডিএ-এর চেয়ারম্যান মুনিরা সুলতানা।
আরিফ জাওয়াদ/সালমান/