চট্টগ্রামে দুদিনের সফরে জিইসি মোড়ের বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে তিনি হাসপাতালটি ঘুরে দেখেন। কোনো ঘোষণা ছাড়াই মন্ত্রী এ অভিযানে যান।
এ সময় তিনি জানতে চান, একজন মানুষ এলেন বুকে ব্যথা নিয়ে, তখন কী করবে? যেকোনো মানুষ আসতে পারে যেকোনো মুহূর্তে। হোয়াট ইউ উইল ডু? হাসপাতালে কোনো কার্ডিয়াক ইউনিট আছে কি না। কোনো কার্ডিয়াক চিকিৎসক আছে কি না।
ওই হাসপাতালের কিছু সমস্যা নোট করে নেন মন্ত্রী। সমস্যাগুলো হলো- লাইসেন্স টাঙানো নেই, তথ্য প্রদানকারী কর্মকর্তার ছবিসহ তথ্য নেই, আইসিইউতে রোগী একজন, জরুরি বিভাগে সাকার মেশিন নেই। এ ছাড়া হাসপাতালটির আরও কয়েকটি ভুল নোট করা হয়।
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।
তিনি খবরের কাগজকে বলেন, ‘মন্ত্রী শুক্রবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে অভিযানে গেছেন। এ সময় ওই হাসপাতালের ডাক্তারদের গায়ে এপ্রোন ছিল না এবং লাইসেন্স টাঙানো ছিল না। এ ছাড়া অন্যান্য বিষয় ঠিক আছে কি না মন্ত্রী ঘুরে দেখেন।’
মেডিকেল সেন্টার হাসপাতালের ম্যানেজার মো. ইয়াছিন আরাফাত বলেন, ‘বিকেলে আমাদের হাসপাতালে মন্ত্রী এসেছিলেন। কয়েকটি বিষয় আমাদের নজরে দিয়েছেন তিনি।’
এর আগে শুক্রবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চট্টগ্রামে পৌঁছান। সকালে তিনি পতেঙ্গা এলাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন।
রাত ৮টায় হোটেল রেডিসন ব্লুতে কার্ডিওলোজি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শনিবার (৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন।
মনির/সাদিয়া নাহার/অমিয়/