নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উন্নয়নে আমরা ও বিএসসির লোকজন একসঙ্গে কাজ করব। আমাদের ইচ্ছে ও পরিকল্পনা হলো, বিদেশি যারা আসবে তাদের বলব জাহাজ শিল্পে বিনিয়োগ করো। কিছুদিন আগেও বিদেশি বিনিয়োগকারীদের বলেছি, পাট ও জাহাজ শিল্পে বিনিয়োগ করতে।’
রবিবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে বিএসসি কার্যালয়ে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমানে বিএসসির ৫টি জাহাজ জ্যামাইকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলাচল করছে। এসব জাহাজ থেকে প্রচুর লাভ হচ্ছে। আরও কিছু জাহাজ দরকার। এসব জাহাজ দিয়ে আয় করতে হবে। বিএসসিতে জাহাজের বহর আরও বড় হবে। আমরা যতদিন আছি, একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দুর্নীতি কমানো।’
নৌ উপদেষ্টা বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিএসসির এমডি আমাকে জানিয়েছেন। প্রতিটি মুহূর্তে কী হচ্ছে জানতে পারছিলাম। নেভি, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুত গিয়ে আগুন নিভিয়েছে। নেভাল কমান্ডার, বন্দর চেয়ারম্যানের সঙ্গে সারাক্ষণ কথা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। এটা দুঃখের ব্যাপার। পরপর দুটি ঘটনার পর সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত ঘটনা যাতে বের করে আনা যায় সেজন্য অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে পৃথক তদন্ত কমিটি করা হবে। ৯-১০ সদস্যের তদন্ত কমিটি হবে। যাতে বিশেষজ্ঞরা থাকবেন। তারা এখানে আসবেন, তদন্ত শুরু হবে। জাহাজগুলো দেখবেন সন্দেহজনক কিছু আছে কি-না। কী হয়েছে সে ব্যাপারে অনুমানভিত্তিক কোনো কথা বলতে চাই না। আপনারা অনুসন্ধান পর্যন্ত অপেক্ষা করুন।’
চীন থেকে চারটি নতুন জাহাজ কেনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নতুন জাহাজ সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে। একটি টিম জাহাজের দাম নির্ধারণের জন্য কাজ করছে। অর্থাৎ আমরা দাম কমানোর চেষ্টা করছি।’
তারেক মাহমুদ/সালমান/