বিগত আওয়ামী লীগ সরকারের ২৭৭ নেতা-কর্মী দেশের ৭৭টি নদ-নদী দখল-দূষণে সরাসরি জড়িত ছিলেন। নদী দখল-দূষণের কারণে দেশে প্রতিদিন ২৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘ফ্যাসিবাদের কবলে নদী’ শিরোনামের অনুষ্ঠানে আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। আরডিআরসি এই অনুষ্ঠান আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে নদী রক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা ও পরিবেশবিষয়ক সাংবাদিকরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে আরডিআরসির চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধোঁয়া তুলে একের পর এক নদী দখল করেছে, দূষণ করেছে। এতে বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার দেশগুলোর মদদ ছিল। ভারত তো এতে সরাসরি সমর্থন দিয়েছে। নদীপাড়ে পাওয়ার প্ল্যান্ট, মেগা প্রকল্প করতে আমরা চীনা বিনিয়োগও দেখেছি। আন্তদেশীয় জাহাজ চলাচল ও অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতেও কথা বলতে গেলে আমাদের বলা হতো, উন্নয়নের স্বার্থে চুপ করে যেতে।’
গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের ১৭৬টি এলাকায় ২৭৭ জন মাফিয়ার মাধ্যমে ৭৭টি নদী দখলের সঙ্গে সরাসরি জড়িত। এসব দখলদারত্বে বাংলাদেশ সরকার দৈনিক ২৭ কোটি টাকা হারিয়েছে।’
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘নদী হত্যার দায়েও ফ্যাসিস্টদের বিচার করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে অনেক মানুষকে গুম করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। তারা অত্যাচার, নিপীড়নের হাতিয়ার হিসেবে নদীকে ব্যবহার করেছে। কত হত্যার সাক্ষী বাংলাদেশের এসব নদী।’
এ সময় ফরিদা আখতার বলেন, ‘দেশে যে নতুন সংবিধান রচনা করা হবে, সেখানে নদী আর নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের করণীয় কী হবে, সে কথাও থাকবে।’
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পৈতৃক ভিটা রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায়। ঢাকার প্রধান চার নদ-নদীর একটি ‘বালু’। তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এ নদী। প্রভাবশালীদের দৌরাত্ম্যে নদীটি এখন মরতে বসেছে।
প্রিয় নদীর দুরবস্থার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নগরায়ন ও উন্নয়নে নদীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি নদী সম্পদ রক্ষায় আমাদের নতুন রূপরেখা, কর্মপরিকল্পনা নিতে হবে।’