আগামী সপ্তাহেই পুনর্গঠিত হতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে নতুন ইসির জন্য বাছাই করা বিশিষ্ট ১০ ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করেছে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি। তবে কমিটির চূড়ান্ত করা নামগুলো এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
শর্ত অনুযায়ী সার্চ কমিটি দায়িত্ব পাওয়ার ১৫ কার্যদিবস তথা ২১ নভেম্বরের মধ্যে নতুন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে হবে। এরপর সেই তালিকা থেকেই নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
হিসাব অনুযায়ী সার্চ কমিটির কার্যকালে বৃহস্পতিবার (২০ নভেম্বর) শেষ দিন হওয়ায় তাদের রাষ্ট্রপতির কাছে নাম পেশ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ইসি গঠনের জন্য সার্চ কমিটির কাছে জমা পড়েছিল আট শতাধিক নাম। কারণ একই ব্যক্তির নাম বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠনের পক্ষ থেকে একাধিকবার জমা পড়ে। তাদের মধ্য থেকে প্রথমে ২৭৫ জনের তালিকা তৈরি করা হয়। পরে সেই তালিকা সার্চ কমিটির কাছে জমা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই তালিকা আরও সংক্ষিপ্ত করতে দফায় দফায় বৈঠক করে ১০ সদস্যের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি।
এদিকে সংক্ষিপ্ত তালিকা নিয়ে বুধবার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটির সদ্যদের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে এ বিষয়ে বৈঠক করার কথা ছিল। কিন্তু ওই কমিটির সদস্যরা বঙ্গভবনে না আসায় বৈঠক ডাকা হয়নি বলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় যাদের নাম রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয়ের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিএনপিসহ ১৭টি দল ও জোট; পেশাজীবী সংগঠন এবং অনেকে ব্যক্তিগতভাবেও নাম জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে এবার সুশীল সমাজ, সাবেক নির্বাচন কমিশনার, সাবেক সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক, শিক্ষক, সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীর নাম এসেছে। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন-প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে। তবে এবারের কমিশনে সিইসি ও চারজন নির্বাচন কমিশনারসহ পাঁচজন থাকবে কি না, তা নিয়েও চলছে আলোচনা। অনেকেই বলছেন, সিইসিসহ তিনজনের নির্বাচন কমিশন হলেই ভালো। আবার কেউ বলছেন বিগত তিন নির্বাচন কমিশনের মতোই সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের কথা।
গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।