এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে ৫১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭০ জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের। এ ছাড়া হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭, ঢাকা বিভাগে ৪০, বরিশাল বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ৫, খুলনা বিভাগে ১৭, ময়মনসিংহে ১০ ও সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৯৫ হাজার ৭০ জনের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী রয়েছেন। একই সময়ে মারা যাওয়া ৫১৭ জনের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ রয়েছেন।
এর আগে ২০১৯ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। ২০২১ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন, মারা যান ১০৫ জন। ২০২২ সালে ডেঙ্গু নিয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ২৮১ জন।
২০২৩ সালের জুন থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এ বছর সারা দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নেন ১ লাখ ১০ হাজার ৮ জন। এ ছাড়া ঢাকার বাইরে চিকিৎসা নেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন, মারা যান ১ হাজার ৭০৫ জন। যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।