পতিত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র মিলে পোশাক খাতে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যকম নিয়ে আয়োজিত ‘নাগরিক উৎসব’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শ্রমিকরা সমস্যা তৈরি করছেন না, তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরিতে ইন্ধন দিচ্ছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশ থেকে ভোটের উৎসব চলে গেছে। তখন দেখেছি, লম্বা লম্বা লাইন। নারীরা ঠাণ্ডার মধ্যে সুন্দর কাপড় পরে বেরিয়ে এসেছে। এরপর আর মহিলাদের উপস্থিতিই দেখি নাই। গণ্ডগোল যদি হয়, আমাদের মহিলারা যায় না, যেখানে আমাদের ৫১ শতাংশ মহিলা ভোটার। এখানে অনেক তরুণ আছে, আমার মনে হয় তারা ভোট দেয়ও নাই। ভোটকেন্দ্র কী জিনিস ওরা তা দেখেও নাই, যায়ও নাই।’
সুজন সম্পাদক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “সবাই চায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসুক। আশা করছি, ১৭ ডিসেম্বর আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসবে। এটা যাতে আর কখনো বাতিল না হয়, সে জন্য সবাইকে ‘ওয়াচ ডগের ভূমিকা’ পালন করতে হবে।”