টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মুসল্লি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে শুরু হয় সংঘর্ষ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বগুড়া জেলার তাইজূল ইসলাম।
স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদপন্থীরা। তখন মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
এ সময় সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের শুরু হয়। এতে অনেক মুসল্লি হতাহত হয়।
সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, ইজতেমায় মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
অমিয়/