অনেকে এখন অনিশ্চয়তা বোধ করলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই দেশে ইনভেস্টমেন্ট বাড়বে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত সময়েই হবে নির্বাচন। এতে কেটে যাবে অস্থিরতা, বাড়বে বিনিয়োগ। নির্বাচনের রোডম্যাপ এলেই ইনভেস্টমেন্ট বাড়বে। এখন অনিশ্চয়তা বোধ করেন অনেকেই।’
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে।
বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিশ্বের সব দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও ক্ষেত্র বিশেষে জাতীয় পার্টিরও শাখা আছে। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল এরা। বিদেশের মাটিতে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ইমেজ (ভাবমূর্তি) নষ্ট করছে।’
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা মধ্যপ্রাচ্যে কাজ করতে যান, তারা বেশি খরচ করেন কিন্তু সবচেয়ে কম বেতন পান। আমাদের দেশের মানুষ বাইরে যান কায়িক পরিশ্রমের জন্য। ভাষার সমস্যা থাকায় যেতে খরচ বেশি, আয়ও কম।’
তিনি বলেন, বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য। তবে সব না।
তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা চালানো হচ্ছে ভারতীয় মিডিয়া থেকে। এ জায়গায় প্রবাসীদের সহযোগিতা চাই। মিথ্যা প্রচার রুখে দিতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’
বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে হয়রানির জন্য যারা দায়ী, তাদের শাস্তি নিশ্চিতের চেষ্টা থাকবে।’
অমিয়/