প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র কায়েম করেছিলেন। বড় বড় কোম্পানিকে তখন অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। সে সময়ে বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, প্রোপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় যে, এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ-অভ্যুত্থান হয়নি। পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়।
জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জুলাই বিপ্লবে কারা কী ভূমিকা রেখেছেন, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করব। এ জন্য সবাইকে নিজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানাচ্ছি।’
আলোচনা সভায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যদি আরও এক মাস সময় পেত, তাহলে ২৫ মার্চের মতো আরও একটি কালরাত দেখতে হতো। যেখানে টার্গেট হতেন শিক্ষক-সাংবাদিকরা।’