ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলছে।
সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে তাদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এর আগে ১৯ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
দেশগুলো হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের ৭ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চাইবে কমিশন। এর আগে যেমন ইউরোপীয় ইউনিয়নকে ব্রিফ করা হয়েছিল। এটাও তেমনি একটি প্রোগ্রাম। এতে সভাপতিত্ব করবেন সিইসি।
আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে সংস্থাটি। রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। চলছে সীমানা পুনর্নির্ধারণের কাজ।
এ ছাড়া ৭টি দেশে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম চলছে। ৪০টি দেশে এই কার্যক্রম প্রসারিত করতে চায় ইসি। এক্ষেত্রে ওআইসিভুক্ত দেশগুলোতেই প্রবাসী বাংলাদেশির আধিক্য রয়েছে।
এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে নির্বাচন কমিশন।
মেহেদী/