ফিলিস্তিনের গাজা উপত্যকা ও রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
সোমবার (৭ এপ্রিল) রাতে কমিশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত অক্টোবর ২০২৩ হতে অব্যাহত ভাবে চলমান এই সামরিক আগ্রাসনে প্রায় ৮০ হাজার নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ ও অসহায় নাগরিক শহিদ হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির সকল নীতিকে পদদলিত করে ইসরায়েল ও তার মিত্ররা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে।’
গভীর শোক ও ক্ষোভের সঙ্গে ফিলিস্তিনের শহিদদের স্মরণ করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে সংগঠনটি। এ ছাড়া যারা আহত বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকটের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে এসোসিয়েশন।
সেই সঙ্গে ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ সকল মানবাধিকার সংগঠনের প্রতি জোরালো আবেদন জানানো হয়।
ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলের চালানো অব্যাহত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ করে এই নৃশংসতার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
বাসস/তাওফিক/