৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো আগামী ৮ থেকে ১৯ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্যভাবে জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলবে ২২ এপ্রিল থেকে ১৯ মে ২০২৫ পর্যন্ত। তবে যেসব প্রার্থী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। এই স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ১৬ জুনের পর দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।
পিএসসি আরও জানায়, ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল জুন মাসের মধ্যেই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। একইভাবে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও জুনের মধ্যে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম, ৪৫তম ও ৪৮তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনের লক্ষ্যে এবং বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।