শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
শ্রম উপদেষ্টা জানান, শ্রম আইনে অনেক কিছু পরিবর্তন আসছে। এখনো চূড়ান্ত না হলেও অনেক পরিবর্তন আসছে। কবে নাগাদ আইনের সংশোধনী চূড়ান্ত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি থাকতে থাকতে একটা শ্রম আইন পাকাপোক্ত করে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘এর আগে দেখেছি, শ্রমিকদের সঙ্গে সরকারের ও মালিকদের একটা গ্যাপ ছিল এবং আছে। এই গ্যাপ আমরা কমাতে চাচ্ছি। সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, এর ৯৯ শতাংশ শ্রমিকদের পক্ষেই গেছে। স্টেটমেন্টগুলা শ্রমিকদের পক্ষে গেছে।’ তিনি বলেন, ‘অনেক ভালো ভালো মালিক আছেন। না হলে আমাদের দেশের শিল্পগুলো এগোত না। সবাই এক রকম না।’
উপদেষ্টা বলেন, ‘আমরা শ্রমিকদের অনেক কিছুই করতে পারিনি। যেমন তাদের স্বাস্থ্যগত বিষয়, তাদের আবাসিক এলাকার বিষয়, যেগুলো হওয়া উচিত, আমরা এখনো করতে পারিনি। তা ছাড়া শ্রম সংস্কার কমিশন কতগুলো প্রস্তাব দিয়েছে, সেগুলোও দেখা হবে।’
তিনি বলেন, ‘আমাদের সরকারের প্রচেষ্টা হচ্ছে হিউম্যান রাইটস এবং ওয়ার্কার রাইটস যেন সমানভাবে থাকে। শ্রমিক এবং শ্রম আইন নিয়ে প্রতিদিন কাজ করছি। এ জন্য শ্রমিকদের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। সরকারের পক্ষ থেকে শুধু শ্রম মন্ত্রণালয়ের কাজ না এটা। বেশ কিছু মিনিস্ট্রি আছে। সেখানে কমার্স মিনিস্ট্রি আছে, বিডা আছে, সবাই মিলে কন্ট্রিবিউট করলে শ্রমিকদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’
উপদেষ্টা আরও বলেন, ‘বড় প্রশ্ন আসছে অপ্রচলিত শ্রমের কিছু ক্ষেত্রের বিষয়ে। অপ্রচলিত শ্রমিকদের বেশির ভাগ নির্মাণশ্রমিক। এর মধ্যে শিপ বিল্ডিংও আছে, রিয়েল এস্টেটের লোকজন আছে। সরকার সবাইকে একই ফোল্ডের মধ্যে নিয়ে আসতে চাইছে।’