ব্রহ্মপুত্র নদীর উজানে ইয়ারলুং জাংবো নদীর ওপর চীনের জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুধু বিদ্যুৎ উৎপাদন করা হবে, কিন্তু এ প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার বা ব্যবহার করা হবে না বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে জানান ইয়াও ওয়েন।
বৈঠকে এ বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষই সহযোগিতা বাড়ানো ও জনগণের মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ইয়াও ওয়েন বলেন, এ প্রকল্পটি ভাটির দিকের দেশগুলো বিশেষ করে বংলাদেশ ও ভারতকে প্রভাবিত করবে না।
চীনা রাষ্ট্রদূত সম্প্রতি কুয়ালালামপুরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথাও উল্লেখ করেন।
চীন তিব্বতে ইয়ারলুং জাংবো নদীর ওপর গত শনিবার (১৯ জুলাই) সবচেয়ে বড় বাঁধ নির্মাণের উদ্বোধন করে। এখানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে চীন সরকার। এ নদীর ভাটিতে ভারতের অরুনাচল ও আসাম হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চীনের এ প্রকল্পের কারণে ভারত ও বাংলাদেশ অংশে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এতে বাংলাদেশ ও ভারতের উদ্বেগ রয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে জানান। যার মধ্যে ছিল বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, গ্রিন এনার্জি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা।
মেহেদী/