কোনো ধরনের বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে সেই প্রার্থনা করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, ‘আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।’
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
নূরজাহান বেগম বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ-সবই আমাদের ইতিহাসের গর্ব। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ছাত্র-জনতাকে। তাদের এই অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট শুধু তার পরিবারই বোঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলছেন।’
অনুষ্ঠানে প্রদর্শিত বিশেষ ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসকরা দিনরাত ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনও ভুলবে না।’
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
আরিফ/পপি/