বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি মাহমুদ আল-হাব্বাশের সম্মানে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নৈশভোজের আয়োজন করেছেন। সোমবার (৮সেপ্টেম্বর) রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এ আয়োজন করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৯সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় - ভোজ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের প্রধান বিচারপতি ২০২৪ এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে একটি গণমুখী বিচার ব্যবস্থা বিনির্মাণে তার গৃহীত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সকলকে অবহিত করেন।
তাছাড়া, ফিলিস্তিনের প্রধান বিচারপতিকে ফিলিস্তিন রাষ্ট্রের সাধারণ জনগণের মৌলিক মানবাধিকারসহ ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ সবসময়ই তাদের প্রতি সহমর্মী ও সংহতিশীল উল্লেখ করে বাংলাদেশের প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের প্রধান বিচারপতি বাংলাদেশে একটি গণমুখী ও মানবিক বিচারব্যবস্থা গড়ে তুলতে প্রধান বিচারপতির নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের কল্যাণে ত্রাণ সহায়তা প্রবেশ সহজতর করা এবং দখলদার বাহিনীর প্রত্যাহারের বিষয়ে ফিলিস্তিন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, গাজা উপত্যকায় একটি সর্বাত্মক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিন সরকার কার্যকর রাজনৈতিক সমাধান নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতিকে অবহিত করেন যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিউইয়র্কে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক বৈধতা নিশ্চিতকরণ, এ অঞ্চল সংশ্লিষ্ট জাতিসংঘের প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং আরব শান্তি উদ্যোগের আলোকে দুটি স্বাধীন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।
নৈশভোজে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, ফিলিস্তিনের প্রধান বিচারপতির সফরসঙ্গী হামজা ডানা, সুহাইব সারহান, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ডেপুটি হেড অফ মিশন জিয়াদ হামাদসহ মিশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ রেজিস্ট্রির কর্মকর্তারা ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মোস্তফা জামিল খান উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাহমুদুল আলম/এসএন