চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুসারে এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমেছে। এবারে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এই ফল প্রকাশিত হয়। এ বছর ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী।
এদিকে গত ২১ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে এ বছর, যা ২০০৫ সালের পর সবচেয়ে কম। ওই বছর পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। শুধু তা-ই নয়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের অর্ধেকেরও নিচে নেমে এসেছে। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফলাফলে এগিয়ে আছে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০, যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭, সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।
সাধারণ বোর্ডের বাইরে এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী এবং ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
২১ বছরের মধ্যে সবচেয়ে কম
এদিকে ২১ বছরের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার রেকর্ড হয়েছে। দুই দশক আগে ২০০৫ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এর পর থেকে প্রায় প্রতিবছরই পাসের হার বেড়েছে, কখনো কখনো সামান্য কমবেশিও হয়েছে। কিন্তু এবার এইচএসসির ফলাফলে ব্যাপক অবনমন হয়েছে। এই অবনমন যেমন গড় ফলাফলে, তেমনি জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও।
এইচএসসির ফলাফলে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। মানে এবার প্রায় ৪৩ শতাংশ পরীক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন, আর এবার ৬৩ হাজার ২১৯ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তুলনামূলক বেশি অকৃতকার্য হয়েছেন।
এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ৩৪৫, গত বছর যা ছিল ১ হাজার ৩৮৮টি। এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ২০২টি, গত বছর যা ছিল মাত্র ৬৫টি।
আলিম
গতকাল প্রকাশিত ফলাফল অনুসারে, এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে গড় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।