বাংলাদেশ ও পাকিস্তাদের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৯ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানে সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর প্রধান এডমিরাল নাভিদ আশরাফের সাক্ষাৎ অনুষ্ঠানে এই আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে রবিবার বনানীতে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গেও পৃথক সাক্ষাৎ ও আলোচনায় বসেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান। এ সময় বাংলাদেশে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে জানানো হয়েছে, ঢাকা সেনানিবাসের সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন ‘আমান’ এ বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্বের ভুয়সী প্রশংসা করেন।
অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে গতকাল বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানিয়েছে, সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স এ্যাটাশে ও নৌবাহিনী সদর দপ্তরের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরকালে বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আইএসপিআর আরও জানিয়েছে, একই সময় পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে। সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং পাকিস্তান নৌবাহিনী জাহাজ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।
আলমগীর হোসেন/এসএন