শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০জে পরিবহন বিমান ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যমতে, ওই বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুপ্রতীম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। এ পরিস্থিতিতে দেশটির সরকার শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।
আইএসপিআর জানিয়েছে, সে প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০জে পরিবহন বিমানযোগে ওই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫ জন ক্রুর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগের একজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি প্রয়োজনীয় সংখ্যক ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশে যাত্রা করে। বিমানবাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম এই মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন। মানবিক সহায়তা শেষে সি ১৩০জে পরিবহন বিমানটি বুধবারই (৩ ডিসেম্বর) দেশে ফিরে আসবে বলেও জানায় আইএসপিআর।
আইএসপিআর জানিয়েছে, শ্রীলঙ্কায় পাঠানো প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে- তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চলাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ।
আলমগীর/এসজি/