তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে রংপুরে যাবেন চীনের রাষ্ট্রদূত বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘চীনা রাষ্ট্রদূত আজ রাতে রংপুরে আসবেন এবং সোমবার আপনাদের সামনে বলে যাবেন যে তারা তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বাস্তবায়নে ফুললি কমিটেড। তারা এই প্রকল্পটি করবে এবং বাংলাদেশকে এ সহায়তা দেবে।’
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে গণভোটের প্রচারণা ও উদ্বুদ্ধকরণ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারা প্রথম যে প্রকল্পটি নিয়েছিল, সেটি সেলফে তুলে রেখেছিল। পরে আবার তারা এসে জনগণের মতামত নেয়। আমরা আমাদের মতো করে কাগজপত্র চীনে পাঠিয়ে দিয়েছি। চীনারা তা গ্রহণ করে তাদের মিনিস্ট্রি অব কমার্সে পাঠিয়েছে এবং সেখান থেকেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা মাঠপর্যায়ে এবং সব জায়গায় আলোচনা করে কাজ করছি।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল গণঅভ্যুত্থানে। অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল পরিবর্তন। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে গণভোটে ‘হ্যাঁ’-এর জয়ের মধ্য দিয়ে।
এ সময় উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের সঙ্গে সরকার, প্রশাসন, রাজনৈতিক দলগুলো ও কমিশন প্রস্তুত। তাই এবার জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা করতে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে সকলকে সুচিন্তিত মত দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্য দেওয়ার আগে জুলাই যোদ্ধাদের রংপুর নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা। তিনি বলেন, শ্যামা সুন্দরী উন্নয়ন প্রকল্পে ১৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ শতাংশ অগ্রগতি হয়েছে। এই কাজটি করবে পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মোফাখ্খারুল ইকবালসহ জুলাই যোদ্ধা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেলিম/রিফাত/