‘মাঘের শীত বাঘের গায়’ এই প্রবাদ সবার জন্য প্রযোজ্য হলেও দরিদ্র মানুষদের শীতের কামড় পোহাতে হয় অনেক বেশি। গ্রামাঞ্চল, বিশেষ করে দেশের শীতপ্রবণ উত্তরাঞ্চলের মানুষের জন্য বর্তমান মাঘ মাসের শীত রীতিমতো মরা-বাঁচার সমস্যা।
রাজধানীর মালিবাগ ওয়েলফেয়ার সোসাইটি (এমডব্লিউএস) উত্তরাঞ্চলসহ গ্রামে মোট ৩৫২টি কম্বল বিতরণ করেছে। সংগঠনের প্রধান সংগঠক তুষার জোয়ারদার ও সদস্যসচিব মইদুল ইসলাম জয় এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের অন্যতম শীতপ্রবণ জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জে, দক্ষিণ মরুয়াদহ গ্রামে মালিবাগ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ডা. আলমগীর সরকারের নেতৃত্বে স্থানীয় সমাজসেবীরা২৫০টি কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করেন। এর আগের দিন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পূর্ব হরপাড়া গ্রামে সংগঠনের পক্ষ থেকে দুলাল শেখের নেতৃত্বে স্থানীয় সমাজসেবীদের মাধ্যমে অসহায় মানুষদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
রাজধানী থেকে পাঠানো কম্বলগুলো স্থানীয় সমাজসেবীরা শীতার্তদের হাতে তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর এ পর্যন্ত মোট ৩৫২টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খান, আমেরিকা প্রবাসী রেদোয়ান হক, সদস্য লুসি জামিল ও কাজী সুমনসহ নির্বাহী কমিটির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মাহমুদুল/রিফাত/