বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাছাড়া, যুক্তরাষ্ট্র নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকে শেষে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের নির্ধারণ করার বিষয়। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, আমরা সেই সরকারের সঙ্গেই সামনে এগিয়ে কাজ করতে প্রস্তুত।
আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা করেছি, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে খুব ভালো বৈঠক শেষ করলাম জানিয়ে তিনি বলেন, “তিনি (সিইসি) আমাকে ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যেসব নীতি, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।”
রাষ্ট্রদূত আরও বলেন, “আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি এসব নির্বাচনের দিকে এবং এর ফলাফলের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছি।”
তিনি বলেন, “গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে আমার সাক্ষাতে তিনি আমাকে বলেছেন, তিনি আশা করেন নির্বাচন দিবসটি উৎসবমুখর হবে। আমিও আশা করি, একটি উৎসবমুখর নির্বাচন দিবস হবে, যেখানে বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং নির্বাচনটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে।”
“প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন, তাতে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় রয়েছি," জানান তিনি।
রাষ্ট্রদূত সাংবাদিকদের ব্রিফ করার পর, জাতীয় নির্বাচনকে তিনি কীভাবে দেখছেন-এমন প্রশ্ন করা হলে তিনি আজ কোনো প্রশ্ন নেবেন না বলে জানান।
এলিস/নাঈম