পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নতুন এই সূচি অনুযায়ী, ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত ট্রেনের হেডওয়ে বা চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে।
হেডওয়ে ও সময়সূচির পরিবর্তন
অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্তাহিক কর্মদিবসে ট্রেনের এই বিশেষ সময়সূচি কার্যকর থাকবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং ফিরতি পথে বিভিন্ন সময়ে ট্রেনের হেডওয়েতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। দিনের ব্যস্ত সময়ে মেট্রোরেল ৬ থেকে ৮ মিনিট অন্তর চলাচল করে। আর একেবারেই কম ব্যস্ত সময়ে (সুপার অফ পিক আওয়ার) ১০ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করে।
নতুন সময়সূচি অনুযায়ী, এখন ব্যস্ত সময়ে মেট্রোরেল ৮-১০ মিনিট অন্তর চলাচল করবে। আর কম ব্যস্ত সময়ে ১০ থেকে ১৫ মিনিট অন্তর চলাচল করবে। আর সকালের প্রথম প্রহর ও রাতের শেষ ভাগে মেট্রোরেল ১৫ থেকে ২০ মিনিট অন্তর চলাচল করবে।
ডিএমটিসিএল জানিয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর থেকে মতিঝিল রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনের হেডওয়ে থাকবে ২০ মিনিট। সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত হেডওয়ে টাইম হবে ১০ মিনিট। সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত হেডওয়ে টাইম হবে ৮ মিনিট। সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত মহা ব্যস্ত সময়ে হেডওয়ে টাইম থাকবে সাড়ে ৫ মিনিট থেকে ৬ মিনিট। সকাল ৯টা ৫৪ মিনিট থেকে বিকেল ২টা ৫৬ মিনিট পর্যন্ত মহাব্যস্ত সময়ে হেডওয়ে টাইম থাকবে ৮ মিনিট।
বিকেল ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত হেডওয়ে টাইম থাকবে সাড়ে ৫ মিনিট থেকে ৬ মিনিট। সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট অন্তর চলবে মেট্রোরেল। রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হেডওয়ে টাইম হবে ১৫ মিনিট।
মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। ডিএমটিসিএল জানিয়েছে, সকাল সোয়া ৭টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত হেডওয়ে টাইম ১৫ মিনিট হবে। সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত হেডওয়ে টাইম ১০ মিনিট; সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ পর্যন্ত হেডওয়ে টাইম হবে ৮ মিনিট পর্যন্ত। সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ মিনিট থেকে ৬ মিনিট অন্তর চলবে মেট্রোরেল। সকাল ১০টা ৩২ মিনিট থেকে বিকেল ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট; বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ মিনিট থেকে ৬ মিনিট অন্তর; সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর; সন্ধ্যা ৬টা ৫২ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রোরেল চলাচল করবে।
রাত ৯টা ৪১ মিনিটে মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেলটি রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলবে। তখন মেট্রোরেলের হেডওয়ে টাইম হবে ১৫ মিনিট।
ইফতার ও পানির বোতল নিয়ে বিশেষ নির্দেশনা
রমজানে যাত্রীদের ইফতারের সুবিধার্থে কিছু শিথিলতা আনা হয়েছে, তবে বজায় রাখতে হবে কঠোর পরিচ্ছন্নতা৷ যাত্রীরা ইফতারের জন্য শুধুমাত্র ২৫০ মিলিলিটারের পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন ট্রেনের ভেতরে বা স্টেশনে না পড়ে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
ডিএমটিসিএল জানিয়েছে, শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬ টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
জয়ন্ত/রিফাত