পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পল্লবী-রুপনগরে গুম ও শহিদ বিএনপির নেতা-কর্মীদের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় পরিবারের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে সবসময় থাকার দৃঢ় প্রত্যেয় ব্যক্ত করেন তিনি।
শনিবার (৭ মার্চ) রাজধানীর মিরপুর বাউনিয়াবাদ, কালশী ও অ্যাভিনিউ-৫সহ বিভিন্ন এলাকায় এসব পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান আমিনুল হক। এ সময় প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের বর্তমান অবস্থা ও সমস্যার কথা শোনেন তিনি।
শহিদ আসিফ ইকবালের পরিবার, ২০১৩ সালে গুম হওয়া পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারার পরিবার, শহিদ মকবুল হোসেনের পরিবার, শহিদ রমজান মিয়া জীবনের পরিবার এবং ২০১৫ সালে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলমের বাসায় গিয়ে পরিবারের স্বজনদের খোজ-খবর নেন আমিনুল হক।
প্রিয়জনের স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় অনেক পরিবারের সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, রাজনীতির কঠিন সময়গুলোতে আমিনুল হক তাদের কখনও ভুলে যাননি এবং বারবার পাশে দাঁড়িয়ে একজন প্রকৃত মানবিক নেতার পরিচয় দিয়েছেন।
পরিবারগুলোর সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, গণতন্ত্রের সংগ্রামে যারা জীবন দিয়েছেন কিংবা গুমের শিকার হয়েছেন, তারা কেবল একটি নির্দিষ্ট দলের কর্মী নন; তারা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক। তাদের এই ত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, শহিদ ও গুম হওয়া নেতা-কর্মীদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্মৃতি ধারণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।
শফিকুল ইসলাম/নাঈম