সরকার শিল্পকারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, দেশে জ্বালানির কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি, এটি বৈশ্বিক সমস্যা। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে সবাইকে নজরদারি বাড়াতে হবে।
এসময় মন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতির গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্পকারখানা স্থাপন করা হয়েছে। বাকি যে প্লটগুলো রয়েছে সেগুলোতে কিছু দখল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো তড়িৎ সমাধান করে শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকার এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি (গ্যাস-সংরক্ষণাগার) তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাস সংরক্ষণ সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জে. এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
পরিদর্শন শেষে তিনি জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বস্ত্র মেলা উদ্বোধন করেন।
অমিয়/